• লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তো বাড়ল, আপনি এখনও পান না? অনলাইনে এই ভাবে অ্যাপ্লাই করুন
    আজ তক | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে এমন আশা অনেকেই করেছিলেন। আর ঠিক তেমনটাই ঘটেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের জন্য ভোটের আগে বড় সুখবর দিয়েছে রাজ্য সরকার। চলতি মাস থেকেই এই প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই সাধারণ শ্রেণিভুক্ত প্রাপকরা, যাঁরা এতদিন পেতেন ১০০০ টাকা, তাঁরা এবার পাবেন ১৫০০ টাকা। অন্যদিকে তফসিলি জাতি, উপজাতির শ্রেণিভুক্তরা, যাঁরা এতদিন পেতেন ১২০০ টাকা করে, তাঁরা এবার পাবেন মাসে মাসে ১৭০০ টাকা।

    লক্ষ্মীর ভাণ্ডারে কারা পাবেন সুবিধা?
    গত বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে ঘোষণার পর  খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন, 'এই মাস থেকেই ৫০০ টাকা পেয়ে যাবেন গ্রাহকরা। লক্ষ্মীর ভাণ্ডারের অধীনে বর্তমানে সুবিধা পাচ্ছেন রাজ্যের ২ কোটি ৪১ লক্ষ মহিলা। আরও কুড়ি থেকে ত্রিশ হাজার আবেদন আছে। যা কার্যকর হলে যোগ হবে আরও সুবিধাভোগী মহিলার সংখ্যা।' বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য মোট ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

     লক্ষ্মীর ভাণ্ডার  পেতে নির্দিষ্ট কিছু  শর্ত
    লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত রয়েছে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাঁর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, আবেদনকারী কোনও স্থায়ী সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। কেন্দ্র বা রাজ্য সরকার, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও এই প্রকল্পের আওতায় পড়বেন না। যেসব পরিবার স্বাস্থসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত, সেই পরিবারের মহিলা সদস্যরাই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। তবে এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের ক্ষেত্রে প্রধান শর্ত ছিল আবেদনকারীর নিজস্ব অথবা পরিবারের ‘স্বাস্থ্য সাথী’ কার্ড থাকা। এই একটি নথির অভাবে রাজ্যের কয়েক লক্ষ মহিলা যোগ্যতা থাকা সত্ত্বেও এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারছিলেন না। নতুন নিয়মে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে স্বাস্থ্য সাথী কার্ড আর বাধ্যতামূলক নয়।

    কীভাবে আবেদন করবেন?
    এই প্রকল্পে আবেদন করতে বিনামূল্যে আবেদনপত্র পাওয়া যায় দুয়ারে সরকার শিবির এবং পঞ্চায়েত অফিসে। আবেদনপত্র পূরণ করে স্বাক্ষরসহ নির্দিষ্ট শিবির বা অফিসে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে স্বাস্থসাথী কার্ড, আধার কার্ড, প্রযোজ্য ক্ষেত্রে এসসি/এসটি শংসাপত্র, আবেদনকারীর নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক  অ্যাকাউন্টের বিবরণ-সহ পাসবুকের কপি এবং একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আবেদন জমা পড়ার পর গ্রামাঞ্চলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহরাঞ্চলে সংশ্লিষ্ট সাব-ডিভিশনাল অফিসার আবেদন যাচাই করবেন। যাচাই সম্পূর্ণ হলে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে মাসিক ভাতা সরাসরি জমা পড়বে।  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্রের অবস্থা অনলাইনে যাচাই করার ব্যবস্থাও রয়েছে। আবেদনকারীদের রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা বিভাগের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ওটিপি জেনারেট করে আবেদন সংক্রান্ত বর্তমান অবস্থার তথ্য জানতে পারবেন।

    অনলাইনে কীভাবে আবেদন করবেন? 
     যাঁরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পেতে চান তারা ঘরে বসেও আবেদন করতে পারেন। ঘোষণা মাফিক ফেব্রুয়ারি থেকেই অ্যাকাউন্টে ঢুকছে বর্ধিত টাকা। প্রত্যেক সুবিধাভোগীর হাতে মাসে মাসে ১৫০০ টাকা থেকে ১৭০০ টাকা করে দেওয়া হবে। এর জন্য নতুন করে যাঁরা আবেদন করতে চান তাঁদের কী করতে হবে স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে প্রথমে পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার যোজনার অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in/login ভিজিট করুন। ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে আপনাকে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইল নম্বরের সাহায্যে লগ ইন করুন।লগ ইন করার পরে, লক্ষ্মীর ভাণ্ডার যোজনার আবেদনপত্র আপনার সামনে খুলবে। এর পরে, আপনাকে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরে, প্রয়োজনীয় নথি আপলোড করুন। সমস্ত তথ্য এবং নথি ফর্মে পূরণ এবং আপলোড করার পরে, ‘Submit’ বোতামে ক্লিক করুন। এইভাবে, লক্ষ্মীর ভাণ্ডার যোজনার জন্য আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হবে অনলাইনের মাধ্যমেই।

    অনলাইনে  স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
    অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করতে, আপনাকে এই  পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে- প্রথমে, লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট  https://socialsecurity.wb.gov.in-এ যান। ওয়েবসাইটের মূল পেজটি আপনার স্ক্রিনে খুলবে। ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ বাটনে ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে। সেখানেই থাকবে স্ট্যাটাস। অনলাইনে আবেদন করতে না জানলে বাড়ির নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প হলে, সেখানেও প্রয়োজনীয় নথি-সহ আবেদন করতে পারবেন।
     
  • Link to this news (আজ তক)