বাংলা থেকে শীত বিদায়ের পথে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আবহাওয়ার মুড সুইংয়ের সাক্ষী থাকতে চলেছে গোটা রাজ্য। কলকাতা তো বটেই, চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রা। দু-একদিনের মধ্যেই তাপমাত্রা বৃদ্ধি শুরু হবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গে ১° ডিগ্রি তাপমাত্রার বৃদ্ধি হতে পারে। এরপর আরও ২-৩ ডিগ্রি বাড়বে পারদ। তবে তারপর আগামী এক সপ্তাহে তাপমাত্রার আর বেশি পরিবর্তন হবে না।
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর এবং দক্ষিণ বঙ্গ দুই অংশেই আগামী সাত দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে, তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। যা দৃশ্যমানতা কিছুটা কমিয়ে দিতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ায় উত্তর-পশ্চিমা শুষ্ক হাওয়া প্রবাহিত হচ্ছে, যা রাজ্যে শুষ্কতা বজায় রাখছে। কোনো নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা নেই।
ফেব্রুয়ারি মাস পড়ে গেলেও তাপমাত্রা আপাতত সকালে অথবা রাতের দিকে রয়েছে নিচের দিকে। পাশাপাশি পারদ ওঠানামা করার ফলে হিমশিম খাচ্ছে রাজ্যবাসী। তবে শুধুমাত্র যে শহর কলকাতায় এমন তাপমাত্রা তা নয়, গোটা বাংলাতে এই চিত্রটা কম বেশি দেখা যাচ্ছে। কারণ, ভোরের দিকে অথবা রাতের বেলায় ঠান্ডা লাগলে পরেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকছে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, স্পষ্ট ভাবে তাপমাত্রার হেরফের বোঝা যাবে ১৪ ফেব্রুয়ারি থেকেই। ওই দিন থেকে বেশ গরম অনুভূত হতে পারে। কলকাতায় আজ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। কিন্তু এরপর চড়চড় করে বাড়বে পারদ। ১৪ ফেব্রুয়ারি কলকাতার আলিপুরে ১৭ ডিগ্রিতে পৌঁছবে সর্বনিম্ন তাপমাত্রা।
একই অবস্থা জেলার ক্ষেত্রেও প্রযোজ্য। আজ সোমবার, বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ ডিগ্রির আশেপাশে। কিন্তু আগামী ১৪ ফেব্রুয়ারি শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হতে পারে ১৩ ডিগ্রি। অর্থাৎ আগামী এক সপ্তাহে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে তাপমাত্রা।