• ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা চায় কংগ্রেস, তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় কংগ্রেসের। সেই সিদ্ধান্তে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন লোকসভায় তাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অভিষেক জানান, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনও আপত্তি বা অসুবিধা নেই। তবে তার আগে চিঠি দিয়ে স্পিকারের অবস্থান বুঝতে চায় তৃণমূল। একই সঙ্গে অভিষেক জানান, স্পিকার বিরোধী নেতাদের নিয়ে এ দিন যে মিটিং ডেকেছেন, সেখানে উপস্থিত থাকবেন তিনি।

    স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে শাসকদলের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। মূলত চারটি কারণকে সামনে রেখে এই প্রস্তাব আনতে চায় তারা। এর মধ্যে বিরোধী দলনেতাকে সংসদে বলার সুযোগ না দেওয়া, বিরোধী আট সাংসদকে সাসপেন্ড করার মতো বিষয়ও রয়েছে।

    লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘তৃণমূলের প্রত্যেক সাংসদ সই করবেন। কিন্তু আমাদের বক্তব্য, অনাস্থা প্রস্তাব আনার আগে ইন্ডিয়া জোটের শরিক প্রত্যেক রাজনৈতিক দল যৌথ ভাবে সই করে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিক। যে চারটি বিষয় নিয়ে বলা হচ্ছে, তা উত্থাপন করে চিঠি দেওয়া হোক। ২-৩ দিন সময় দেওয়া হোক। স্পিকার যদি কোনও সদুত্তর না দেন বা পদক্ষেপ না করেন, পরের দিনই নো কনফিডেন্স মুভ হবে।’

    একই সঙ্গে অভিষেকের দাবি, কেন্দ্রের সরকারই অধিবেশন চালাতে চায় না। সে কারণেই দীর্ঘ সময় ধরে অধিবেশন মুলতুবি করে রেখে দেওয়া হচ্ছে। সোমবার দুপুর ২টো থেকে মঙ্গলবার সকাল ১১টা অবধি হাউস মুলতুবি করে রাখা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবারও অধিবেশন শুরু হতে না হতেই বিরোধীদের হট্টগোলে অধিবেশন মুলতুবি হয়ে যায়।

    অভিষেকের প্রশ্ন, ‘আমরা চাই পার্লামেন্ট চলুক, কিন্তু সরকার চায় না। আজও মুলতুবি করে দিয়েছে। একবারও স্পিকার আসেননি, চেয়ারে বসেননি। আপনার যদি হাউস চালানোর মানসিকতা থাকে, এতক্ষণ মুলতুবি করবেন কেন? হাউস চালানোর দায়িত্ব তো সরকারের। আমরা জেনারেল বাজেট নিয়ে আলোচনা চাই। সাংসদরা প্রশ্ন করবেন, তাই তো মানুষ আমাদের পাঠিয়েছেন। কেন্দ্রের সরকার এমন বাজেট পেশ করেছে, বিরোধীদের রাজনৈতিক আক্রমণ মানতেই পারছে না।’

    তবে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনার ক্ষেত্রে অভিষেক স্পষ্ট করে দেন, তৃণমূল সুযোগ দেওয়ায় বিশ্বাসী। অভিষেক বলেন, ‘আপনি ভুল করলে, আপনাকে তো সুযোগ দিতে হবে। না হলে বিজেপি আর আমাদের মধ্যে পার্থক্য কী? উপরাষ্ট্রপতি কথা শুনছেন না বলে এক ঝটকায় সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো ওদের মতো নই। এটাই আমাদের সঙ্গে পার্থক্য।’

  • Link to this news (এই সময়)