• চার দিন ধরে নিখোঁজ, অবশেষে জঙ্গল থেকে উদ্ধার নাবালকের রক্তাক্ত দেহ, খুন নাকি অস্বাভাবিক মৃত্যু?
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • চার দিন নিখোঁজ থাকার পরে শুকনার জঙ্গল থেকে উদ্ধার হলো এক নাবালকের রক্তাক্ত দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুভজিৎ মোদক (১৫)। গত শনিবার থেকে নিখোঁজ ছিল সে। মঙ্গলবার এই নিয়ে শিলিগুড়ির শিমুলতলিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দোষীদের শাস্তির দাবিতে মাটিগাড়া থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খুনের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

    পুলিশ এবং মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ দশম শ্রেণীর পড়ুয়া। গত শনিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল সে। তার পরে আর ফেরেনি। স্থানীয় বাসিন্দারা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ নেওয়া হয়। কিন্তু তার আর কোনও হদিশ পাওয়া যায়নি। শেষে রবিবার মাটিগাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন শুভজিতের পরিবারের লোকজন।

    তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্থানীয় এক কিশোরের টোটোতে শেষ বার দেখা গিয়েছিল শুভজিৎকে। টোটোচালক ওই কিশোরও শিমুলতলিরই বাসিন্দা। সোমবার তার বাড়িতে হানা দেয় পুলিশ। কিন্তু সেখানে গিয়ে তদন্তকারীরা জানতে পারেন, রবিবার রাত থেকেই সে উধাও। তবে তার টোটো বাড়িতেই রাখা ছিল।

    শুভজিতের পরিবারের দাবি, টোটোতে রক্তের দাগ রয়েছে। শুধু তাই নয়, ওই কিশোর টোটোচালকই শুভজিৎকে অপহরণ করে খুন করেছে বলে অভিযোগ তাঁদের। তার গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতে মাটিগাড়া থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এর পরেই এ দিন সকালে শুকনার জঙ্গল থেকে শুভজিতের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। আটক করা হয় ওই কিশোর টোটোচালককে। এই প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের DCP রাকেশ সিং বলেন, ‘একজন নাবালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

  • Link to this news (এই সময়)