• পূর্ব বর্ধমানে ছাত্রছাত্রীদের মধ্যে বাড়ছে HIV সংক্রমণ, আক্রান্ত সমকামীরাও
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • পূর্ব বর্ধমান জুড়ে বাড়ছে HIV আক্রান্তের সংখ্যা। উদ্বেগজনক বিষয় হলো, এদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। জেলা স্বাস্থ্য দপ্তরের এমন পরিসংখ্যানে চোখ কপালে উঠেছে অনেকেরই। অসুরক্ষিত যৌনতার কারণেই সংক্রমণ বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক।

    পূর্ব বর্ধমানের জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক যুবক। তাঁর রক্ত পরীক্ষা করে HIV পজেটিভ পাওয়া যায়। তার পরেই জেলা জুড়ে শুরু হয় সমীক্ষা। তাতেই দেখা গিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জেলার ৩৩২ জনের শরীরে HIV ধরা পড়েছে। এর মধ্যে ৩৭ জন পড়ুয়া। আক্রান্ত হয়েছেন ৯০ জন সমকামীও।

    আক্রান্তদের মধ্যে রয়েছেন ১৪ বছরের নাবালক থেকে পঞ্চাশোর্ধ প্রৌঢ়ও। তবে গত কয়েক বছরের তুলনায় এ বার আক্রান্তের সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে বলেই জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২০২৫ সালে জেলায় ৩১৪ জনের শরীরে HIV সংক্রমণ মিলেছিল। ২০২৩-২০২৪ সালে সংখ্যাটা ছিল ২৫৭ জন এবং ২০২২-২০২৩ সালে ২৫৮ জন।

    জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, টেস্টের সংখ্যা বাড়ার কারণের আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘২০২৩-২৪ অর্থবর্ষে ১ লক্ষ ১২ হাজার টেস্ট করা হয়েছিল। ২০২৪-২৫ অর্থবর্ষে ১ লক্ষ ৪৫ হাজার টেস্ট করা হয়েছে। ফলে পজেটিভের সংখ্যাও বেড়েছে। এটা সমাজের পক্ষে ভালো।’

    আক্রান্তদের কাউন্সেলিং এবং ট্রিটমেন্ট চলছে বলেও জানিয়েছেন তিনি। জয়রাম হেমব্রমের কথায়, ‘সরকারি হাসপাতাল থেকে অনেকেই ওষুধ নিয়ে যান। এই সচেতনতা বাড়ানোটা জরুরি।’ এই নিয়ে সচেতনতা বৃদ্ধিতে পূর্ব বর্ধমানে কাজ করছে একাধিক সংগঠনও। তবে HIV-কে অনেকেই ছোঁয়াচে রোগ মনে করায় অনেক সময়ে অনভিপ্রেত ঘটনা ঘটে। এই ধারনা সম্পূর্ণ ভুল বলেও জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। চিকিৎসা এবং ওষুধেই এই সংক্রমণকে নিয়ন্ত্রণ করা যায় বলেও জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)