• কয়েদিদের তৈরী হাতের কাজ, খাবার! চোখ ধাঁধানো মেলা
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শাস্তি নয়, সংশোধনই লক্ষ্য। হুগলি জেলা সংশোধনাগারে বন্দিদের জন্য নতুন আশা- ‘অভিন্ন’ প্রকল্প। সমাজের আর পাঁচজনের থেকে আলাদা নয় বন্দিরা। তাঁদের তৈরী হস্তশিল্প বিক্রির বিপণিকেন্দ্র উদ্বোধন হল হুগলি জেলা সংশোধনাগারের সামনে।

    ভুলের জন্য শাস্তি হতে পারে, কিন্তু জীবনে নতুন করে বেঁচে থাকার জন্য দরকার আরেকটি সুযোগ- ঠিক এই বিশ্বাসকে সামনে রেখেই হুগলি জেলা সংশোধনাগারে চালু হলো বিশেষ প্রকল্প ‘অভিন্ন’। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংশোধন প্রশাসন বিভাগের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে বন্দিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার পথ আরও প্রশস্ত হলো।

    সংশোধনাগার মানেই কেবল চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন নয়। বরং মানসিক পরিবর্তন, আত্মবিশ্বাস গড়ে তোলা ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ‘অভিন্ন’ প্রকল্পে বন্দিদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানির্দেশক (কারা) সিদ্ধিনাথ গুপ্তা। এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন অতিরিক্ত মহানিরিদের্শক (কারা) লক্ষ্মীনারায়ণ মিনা। তিনি জানান, সংশোধনাগার চত্বরে একটি ক্যান্টিন চালু করা হবে, যেখানে কাজ করবেন সাজাপ্রাপ্ত বন্দিরাই। ওই ক্যান্টিনে বন্দিদের তৈরি বিভিন্ন উৎপাদিত সামগ্রী ও খাদ্যসামগ্রী বিক্রি করা হবে। এর মাধ্যমে বন্দিরা যেমন কাজ শেখার সুযোগ পাবেন, তেমনই নিজেদের পরিশ্রমের মাধ্যমে আত্মসম্মান ফিরে পাবেন।

    কারা দপ্তরের আধিকারিকদের মতে, একজন মানুষ তার অপরাধের চেয়েও বড়- যদি তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়। কর্মসংস্থান ও প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। মুক্তির পর যাতে তাঁরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন, সেই পথ তৈরি করতেই এই মানবিক উদ্যোগ।

    হুগলি জেলা সংশোধনাগারের এই পদক্ষেপ শুধু একটি প্রকল্প নয়, বরং একটি বার্তা- ভুল থেকে ফেরার সুযোগ সবারই প্রাপ্য। সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতেই কারা দপ্তরের এই মানবিক উদ্যোগ নতুন করে আশার আলো দেখাচ্ছে।
  • Link to this news (আজকাল)