আজকাল ওয়েবডেস্ক: বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার গাড়ি ভাঙচুর-এর অভিযোগে উত্তেজনা ছড়াল গোপালনগর থানার বেলেডাঙা চারতলা এলাকায়। অভিযোগ, স্থানীয়রা বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া গাড়ি দেখে গ্রামের মধ্যে দাঁড় করান৷ এলাকায় কেন উন্নয়ন উনি করছেন না প্রশ্ন করতেই গাড়ির মধ্যে থেকে কটূক্তি ছুঁড়ে আসে এবং সে সময় গাড়ির ভেতর থেকে এক গ্রামবাসীর হাতে আঘাত করা হয়। এর পরেই উত্তেজিত গ্রামবাসী গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
জানা গিয়েছে, চারতলা গ্রামে এদিন বিধায়ক অশোক কীর্তনীয়ার স্ত্রী-সহ কয়েকজন একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেই গাড়িতে বিধায়ক অশোক কীর্তনীয়া ছিলেন না ।
গাড়িতে থাকা অশোকবাবুর এক আত্মীয় বলেন, আমাদের গাড়ি দাঁড় করিয়ে অশ্লীল গালিগালাজ দিয়ে ভাঙচুর করা হল। আমরা একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলাম ৷ বিধায়কের অভিযোগ, একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁর পরিবার। তাঁর স্ত্রী-সহ বাকিদের তৃণমূলের লোকজন আক্রমণ করে। গাড়িতে থাকা সকলকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। ইতিমধ্যেই অশোক কীর্তনীয়ার স্ত্রী গোপালনগর থানায় অভিযোগ জানাচ্ছেন। পাশাপাশি গ্রামের আহত যুবককে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বলেন, অশোক কীর্তনীয়ার গাড়ি দেখে এলাকার লোকজন দাঁড় করিয়েছিলেন ৷ এলাকায় কেন উনি উন্নয়ন করছেন না প্রশ্ন করতেই গাড়ির ভিতর থেকে এক গ্রামবাসী যুবককে আঘাত করা হয় ৷ তাঁর হাতে গুরুতর আঘাত লাগে। বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এলাকার মানুষই উত্তেজিত হয়ে গাড়িতে ভাঙচুর করেছেন৷