• ন্যায়বিচারে কলকাতা পুলিশের নতুন উদ্যোগ
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য থানায় প্রবেশ আরও সহজ ও নিরাপদ করতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনারের নির্দেশে শহরের প্রতিটি পুলিশ স্টেশনে র‌্যাম্প নির্মাণের কাজ জোরকদমে শুরু হয়েছে। এই পদক্ষেপ আগামী দিনে কলকাতা শহরবাসীকে ন্যায়বিচার পেতে অনেক সহযোগিতা করবে। এই উদ্যোগকে শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়ন নয়, বরং ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহু প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি অভিযোগ জানাতে থানায় এসে খাড়া বা অসম সিঁড়ির কারণে সমস্যায় পড়েন। অনেক ক্ষেত্রে আঘাত পাওয়ার আশঙ্কাও থাকে। ফলে থানার দরজায় পৌঁছনোই হয়ে ওঠে এক বড় বাধা। এই বিষয়টিকে মাথায় রেখেই র‌্যাম্প নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে হুইলচেয়ার, ওয়াকার কিংবা হাঁটার ছড়ি ব্যবহারকারী নাগরিকরা নির্বিঘ্নে ডিউটি অফিসারের কাছে পৌঁছতে পারেন।

    বর্তমানে কলকাতা পুলিশের অধীনে থাকা মোট ৮০টি থানার মধ্যে ২৫টিতে ইতিমধ্যেই র‌্যাম্পের সুবিধা রয়েছে। বাকি ৫৫টি থানায় র‌্যাম্প স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫টি থানায় নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে এবং অবশিষ্ট ২০টি থানায় দ্রুতগতিতে কাজ চলছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই সমস্ত থানায় এই সুবিধা চালু হয়ে যাবে।

    কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, “পুলিশ স্টেশন অনেকের জন্য শেষ আশ্রয়। সেখানে পৌঁছতে যদি শারীরিক বাধা থাকে, তাহলে তা কার্যত ন্যায়বিচার পাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। র‌্যাম্প নির্মাণের মাধ্যমে আমরা সেই বাধা দূর করতে চাই।”

    কলকাতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাগরিক সমাজের বিভিন্ন মহল। তাঁদের মতে, শহরের থানাগুলিকে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে এই পদক্ষেপ এক দৃষ্টান্ত স্থাপন করবে।
  • Link to this news (আজকাল)