• ছুটির পরেই স্কুলে অঘটন, ক্লাসরুম থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • প্রতিদিনের মতো স্কুলে এসেছিলেন। ক্লাসও নেন। ছুটির পরে সেই ক্লাসরুম থেকেই মিন্টু ঘোষ (৩৬) নামে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার নদিয়ার মায়াপুরের গঞ্জডাঙ্গা মাহেশ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন ওই শিক্ষক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানা-সহ মায়াপুর ফাঁড়ির পুলিশ।

    মৃত শিক্ষক মায়াপুরে থাকতেন। স্ত্রী, পাঁচ বছরের এক সন্তান এবং মা-বাবাকে নিয়ে সুখের সংসার তাঁর। পরিবারের দাবি, গত কয়েক মাস ধরেই অবসাদে ভুগছিলেন মিন্টু। চিকিৎসার জন্য ভেলোরেও গিয়েছিলেন। এ দিন স্কুলে বেশ কয়েকটি ক্লাস নেন। বিকেলে ছুটি হয়ে যায়। সব ছাত্রছাত্রী বেরিয়ে যাওয়ার পরে তিনি একটি ক্লাসে ঢুকে দরজা বন্ধ করে দেন।

    সন্ধ্যায় বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। ক্লাসের ভিতরে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তাঁরাই মায়াপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরা দেহ উদ্ধার করে মায়াপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। শিক্ষকের পরিবারের লোকজনকেও খবর দেওয়া হয়। তাঁরা মৃতদেহ দেখার পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে।

    পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পরে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষক। এই প্রসঙ্গে মায়াপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অপর্ণা ঘোষ হালদার বলেন, ‘মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তাঁর চিকিৎসা চলছিল। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

  • Link to this news (এই সময়)