• ফর্ম ৬ জমা দিতে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে SIR-এর লাইনে পরীক্ষার্থীরা, তীব্র অসন্তোষ
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • সামনেই উচ্চ মাধ্যমিক। পরীক্ষার্থীদের নাওয়াখাওয়ার সময় নেই। সেই সময়ে SIR-এ ৬ নম্বর ফর্ম (নতুন ভোটারদের নাম তোলার আবেদন) ফিলআপ করতে লাইনে দাঁড়াতে হলো তাঁদের। মঙ্গলবার হুগলির শ্রীরামপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরীক্ষার আগে কি তাঁদের ছাড় দেওয়া যেত না? প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের একাংশ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েনও।

    শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে চাঁপদানী বিধানসভা ও উত্তরপাড়া বিধানসভার নতুন ভোটারদের জন ৬ নম্বর ফর্ম ফিলাপ চলছে। সকাল থেকেই লম্বা লাইন। সেই লাইনেই দাঁড়িয়ে একাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার ঠিক দু’দিন আগে শুরু হয়েছে ফর্ম ফিলআপ। লাইনে না দাঁড়ালে ভোটার তালিকায় নাম উঠবে না। তাই পড়াশোনা ছেড়ে বাধ্য হয়েই এসেছেন অনেকে।

    লাইনে দাঁড়ানো অনেক পরীক্ষার্থীই জানালেন, যা লম্বা লাইন পড়েছে, তাতে ফর্ম জমা দিতে সন্ধ্যা পেরিয়ে যাবে বলেই মনে হচ্ছে তাঁদের। পরীক্ষার আগে একটা গোটা দিন নষ্ট হওয়ায় আফসোস করছেন অনেকেই।

    এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি আর কমিশনকে একযোগে আক্রমণ শানিয়ে হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বললেন, ‘কেন্দ্রীয় সরকার আর জাতীয় নির্বাচন কমিশন মিলে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। ১২ তারিখ ওদের পরীক্ষা। যাঁদের পড়াশোনা করার কথা তাঁরা নাগরিকত্ব প্রমাণের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না।’

    তবে এই বিষয়টাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না শ্রীরামপুরের বিজেপি নেতা হরি মিশ্র। তাঁর কথায়, ‘তৃণমূল উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। এটা একটা প্রক্রিয়া। নির্বাচন কমিশন যে কাউকে ডাকতে পারে। কোনও পরীক্ষার্থীর যদি সমস্যা হয় তাঁরা নির্দিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলতে পারেন।’

  • Link to this news (এই সময়)