• ‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না?’ সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • প্রাক্তন সেনাপ্রধান নারাভানের আত্মজীবনীর অংশ সংসদে উদ্ধৃত করতে চাওয়ার পর থেকেই বক্তব্য পেশে লাগাতার বাধা দেওয়া হচ্ছিল রাহুল গান্ধীকে। অবশেষে বুধবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল বক্তব্য রাখার সুযোগ পেয়ে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর নেতৃত্বাধীন সরকারকে। রাহুলের অভিযোগ, আমেরিকার সঙ্গে চুক্তি করতে গিয়ে দেশকে বিক্রি করে দিয়েছে মোদী সরকার। তার পরেও তাদের কোনও লজ্জা নেই।

    আমেরিকার সঙ্গে ভারতের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির একাধিক বিষয় তুলে ধরে এদিন সমালোচনায় সরব হন কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে ইন্ডিয়া ব্লক আলোচনায় বসলে তাঁরা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতেন সমানে সমানে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হোক। আমরা চাকর নই।’

    সংসদে এ দিন বিরোধী দলনেতা জানান, চুক্তির সময় দেশের সম্মান ও সার্বভৌমত্বের কথা মাথায় রাখা উচিত ছিল প্রধানমন্ত্রীর। বক্তব্যের শুরুতেই সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে তোপ রাগা-র। তিনি বলেন, ‘আপনি ভারতকে বিক্রি করে দিয়েছেন। ভারতকে বিক্রি করতে কি আপনাদের লজ্জা করল না? আপনারা আমাদের মা, ভারতমাতাকে বিক্রি করে দিয়েছেন। মজার বিষয় হলো, আমি জানি যে প্রধানমন্ত্রী স্বাভাবিক পরিস্থিতিতে ভারতকে বিক্রি করতেন না। আপনারা জানেন কেন তিনি ভারতকে বিক্রি করেছিলেন? কারণ তাঁর কৃতকর্মের জন্য আমেরিকা আমাদের উপর ক্রমাগত চাপ বাড়িয়ে আসছে। ঘাড় ধরে যা খুশি করাচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর চোখে ভয় দেখতে পাচ্ছি।’

    বাণিজ্য চুক্তির একের পর এক শর্ত তুলে ধরে আক্রমণ শানিয়েছেন রায়বরেলির সাংসদ রাহুল। তাঁর মতে, দেশের বাজারে মার্কিন পণ্য প্রবেশের অনুমতি দিয়ে দেশের কোটি কোটি কৃষকের পেটে লাথি মেরে আদতে লাভ করিয়েছেন আমেরিকার চাষীদের। বিশেষ করে ক্ষুদ্র বা প্রান্তিক মালিকানাধীন কৃষকদের এবং সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে জড়িতদের জীবিকা বিপন্ন করেছে। রাহুলের কথায়, ট্রাম্প শুল্ক কমিয়েছে বলে প্রচুর প্রচার চলছে কিন্তু আদতে ২০২৫-এর আগে থাকা ৩ শতাংশ শুল্ক বর্তমানে ১৮ শতাংশে গিয়ে পৌঁছেছে।

    বিরোধী দলনেতা সুর চড়িয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন,‘ইতিহাসে প্রথমবারের জন্য আমাদের কৃষকরা এমন সঙ্গীন অবস্থায় পড়তে চলেছেন। আপনি আমাদের দরিদ্র কৃষকদের পিষে শেষ করে দেওয়ার দরজা খুলে দিয়েছেন। কোনও প্রধানমন্ত্রী কখনও এটা করেননি। শুরুতে আমেরিকার গড়ে তিন শতাংশ শুল্ক এখন ৬ গুণ বেড়ে ১৮ শতাংশ। এ দিকে তাদের উপর আমরা ১৬ শতাংশ শুল্ক তুলে শূন্য করে দিয়েছি। আমেরিকার আমদানি শুধু মাত্র এই কারণেই ৪৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৪৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। যা একেবারে অযৌক্তিক।’ এখানেই শেষ নয়, রাহুলের কথায়, ‘আমরা বোকার মতো দাঁড়িয়ে আছি। আমেরিকা কোনও প্রতিশ্রুতি দিচ্ছে না। আমরা তাদের কথা দিয়ে দিয়েছি যে, ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি ও প্রযুক্তি পণ্য আমেরিকা থেকে কিনব।’

    রাহুলের মন্তব্যের প্রতিবাদ জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজ়ু। রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রিভিলেজ নোটিস দেবে BJP, বলে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)