• সাজেশন নয়, ভরসা AI! জেলায় জেলায় মাধ্যমিকে টুকলির 'হাইটেক' ছাত্রবন্ধু, উদ্বিগ্ন পর্ষদ...
    ২৪ ঘন্টা | ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • বিধান সরকার ও অরূপ লাহা: মাধ্য়মিকেও এবার AI! টুকলি করতে গিয়ে এবার হাতেনাতে ধরা পড়ল তিন পরীক্ষার্থী। পর্ষদে নিয়মে বাতিল হয়ে গেল তাদের পরীক্ষা। পূর্ব বর্ধমানের ঘটনা।

    মাধ্যমিক টুকলি নতুন কিছু নয়। কিন্তু ডিজিটাল যুগে বদলে গিয়েছে কৌশল। চিরকুটের জমানা শেষ। 'টুকলিবাজ' পড়ুয়াদের হাতিয়ার এখন AI।  


    পরিস্থিতি এমনই যে, পর্ষদের নির্দেশ অগ্রাহ্য করে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতেও পিছপা হচ্ছে না পড়ুয়ারা। অথচ মোবাইল বা কোনও ইলেকট্রিক গ্য়াজেট স্রেফ নিষিদ্ধ নয়, ধরা পড়লে পরীক্ষা বাতিল করা হবে বলে নির্দেশিকা জারি করেছেন মধ্যশিক্ষা পর্ষদ। 

    পর্ষদ সূত্রে খবর, পূর্ব বর্ধমানে তিনটি পরীক্ষাকেন্দ্রে এখনও মোবাইল-সহ ধরা পড়েছে ৩ পড়ুয়া। গলসির সাঁকো সিএস স্কুলের মোবাইলে প্রশ্নপত্র স্ক্যান করে AI অ্যাপে উত্তর জেনে খাতায় লিখছিল এক পরীক্ষার্থী। ঘটনাটি নজরে আসতেই তাকে আটক করে কর্তব্যরত শিক্ষক। এরপর তার পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি বালিকা বিদ্যালয় ও রায়নার উচালন হাই স্কুলেও মোবাইল সহ ধরা পড়েছে ২ পরীক্ষার্থী।

    পূর্ব বর্ধমানের মাধ্যমিক কনভেনর অমিত কুমার ঘোষ বলেন, 'মধ্যশিক্ষা পর্ষদের স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সেই কারণে প্রতিটি কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হয়। তবুও নজরদারির ফাঁক গলে কয়েকজন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ভেতরে ঢুকে পড়ে'। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে নজরদারি আরও কড়া করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

    একই ছবি হুগলিতেও।  মাধ্য়মিকের প্রথমে দিনেই চুঁচুড়ায় একটি নামী স্কুলে মোবাইল নিয়ে ঢুকে পড়ে এক পরীক্ষার্থী। তখনও অবশ্য পরীক্ষা শুরু হয়নি। ফলে মোবাইল বাজেয়াপ্ত করা হয়। তবে ওই পড়ুয়ার পরীক্ষা বাতিল হয়নি। এরপর একটি স্কুলে মোবাইলে উত্তর দেখে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে এক পড়ুয়া। পরীক্ষা বাতিল হয়ে যায়।  ভৌতবিজ্ঞান পরীক্ষার দিনও ফের একই ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্রের বাইরে পুলিস। ভিতরে পরীক্ষক। তারপরেও কীভাবে মোবাইল নিয়ে ঢুকছে পরীক্ষার্থীরা? উদ্বিগ্ন পর্ষদ।

    হুগলিতে মধ্য শিক্ষা পর্ষদের জয়েন্ট কনভেনার শুভেন্দু গড়াই জানিয়েছেন,'সব পরীক্ষা কেন্দ্রেই কড়া নিরাপত্তা,  সিসিক্যামেরা আছে। তার পরেও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। নকল করা একটা অভ্যাস যেটা রয়েই গিয়েছে। জানা মাত্র ধরা পরীক্ষা বাতিল করা হয়েছে।আগামী দিতে আরও সতর্ক হতে হবে'।

  • Link to this news (২৪ ঘন্টা)