• চাঁদের পাহাড়ের দক্ষিণ আফ্রিকায় পর্যটকের প্রতীক্ষায় অজানা ভেল্ড
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়: আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি বাড়ানোয় ভারতের সঙ্গেই রয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। যে পাঁচটি দেশের হাতে ‘ব্রিকস’ (BRICS) তৈরি, তার মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকা দু’জনেই আছে। পর্যটনে উন্নতির জন্যও এ বার বন্ধুরাষ্ট্র ভারতে দক্ষিণ আফ্রিকার পর্যটন বিভাগ।

    বুধবার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কলকাতায়। এক দিকে মোহনদাস গান্ধী এবং অন্য দিকে ক্রিকেটের জন্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত নিবিড়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’ (Chander Pahar)–এর দৌলতে সেখানকার বন্য জন্তু এবং দিগন্তবিস্তৃত রিখটার্স ভেল্ড সম্পর্কেও বাঙালির স্পষ্ট ধারণাও আছে। তবে এ বার সে দেশের পর্যটন বিভাগ চাইছে ‘অজানা দক্ষিণ আফ্রিকা’–কে ভ্রমণে আগ্রহীদের সামনে তুলে ধরতে।

    প্রতি বছর গড়ে প্রায় ৭০ হাজার ভারতীয় পর্যটক দক্ষিণ আফ্রিকা বেড়াতে যান। এই পরিসংখ্যানে কলকাতা থেকে ও দেশে বেড়াতে যাওয়া মানুষের সংখ্যা খুব বেশি হলে তিন থেকে চার হাজার। এই সংখ্যাই আরও যাতে বাড়ে, তার জন্য চেষ্টা শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পর্যটন বিভাগ।

    বুধবার ও দেশের পর্যটন সংস্থার মুখপাত্র মিতালী কারমারকার কলকাতায় সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘কোভিড–এর পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও পর্যটন এখনও আগের জায়গায় ফেরেনি। তবে আমরা আশাবাদী। ২০২৭–এ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে চলেছে। আমাদের আশা, এটাই পর্যটনের ক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হতে চলেছে।’

    মিতালী বলেন, ‘ও দেশে বেড়ানোর ক্ষেত্রে ভারতীয়দের দু’টো সমস্যার সামনে পড়তে হয়। প্রথমত, ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় কোনও ডিরেক্ট ফ্লাইট নেই। দুবাই থেকে ভেঙে যেতে হয়। এ ছাড়াও ভিসা নিয়ে বেশ সমস্যা হয়। তবে আমরা চেষ্টা করছি ভারতের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ তৈরি করতে। এ ছাড়া যাতে পাঁচ দিনে ভিসা পাওয়া যায়, সে দিকেই কাজ এগোচ্ছে।’

    সাধারণত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকা বেড়াতে গেলে কেপ টাউন, জোহানেসবার্গ, ডার্বান এবং ক্রুগার ন্যাশনাল পার্কের যে অংশটি পুমালাঙ্গা প্রভিন্সে রয়েছে, সেই জায়গাটা বেড়ানোর উপর জোর দেন মিতালী। এ ছাড়া মোহনদাস গান্ধীর স্মৃতি–বিজড়িত জায়গাগুলোর প্রতিও ভারতীয় আকর্ষণ খুব বেশি। কিন্তু দক্ষিণ আফ্রিকা পর্যটন এ বার চেষ্টা করছে লিমপোপো প্রভিন্সে পর্যটনের প্রসার ঘটাতে। ক্রুগার ন্যাশনাল পার্কের বেশির ভাগটাই লিমপোপে–তে পড়ে। কিন্তু সেই তুলনায় এখানে ভারতীয় পর্যটক কম।

    পর্যটন বিভাগের পরিকল্পনায় রয়েছে ড্রাকেনসবার্গ পর্বতমালাকেও জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে। এই পর্বতের জায়ান্ট কাসল এলাকায় প্রায় ৩৫ হাজার গুহাচিত্র রয়েছে। এ ছাড়াও পর্যটন কেন্দ্র হিসেবে ক্রমশ সামনে আসছে ও দেশের ক্ল্যারেন্স শহর। এখানে মাউন্টেন বাইকিং, ঘোড়ায় চড়ার পাশাপাশি থাকছে ‘ফসিল হান্টিং’–এর মতো আকর্ষক ব্যাপারও। শহরের কাছেই রয়েছে এমন একটি প্রত্নক্ষেত্র যেখানে ছড়িয়ে আছে অজস্র ডাইনোসরের ফসিল। ঘুরে ঘুরে সেগুলো খুঁজে পাওয়ার মজাই আলাদা।

  • Link to this news (এই সময়)