মাধ্যমিকের আবশ্যিক বিষয়ের পরীক্ষা বুধবার শেষ হল। আজ, বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। বুধবার হুগলির বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের পরিকাঠামো সরেজমিনে দেখলেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ দিন পরীক্ষা শুরু হওয়ার আগেই তিনি ডানকুনির চাকুন্দি উচ্চ বিদ্যালয়ে পৌঁছন। সেখান থেকে শ্রীরামপুরের নেতাজি হাই স্কুল হয়ে চন্দননগরের নাড়ুয়া শিক্ষাশ্রম এবং কানাইলাল বিদ্যামন্দিরে (ফরাসি বিভাগ) যান। তার পরে পরিদর্শন করেন মগরার উত্তমচন্দ্র উচ্চ বিদ্যালয়, বাগাটি শিবচন্দ্র বিদ্যালয় এবং বাঁশবেড়িয়া বালিকা বিদ্যালয়ে। সঙ্গে ছিলেন হুগলি জেলা মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির দুই যুগ্ম আহ্বায়ক— দেবাশিস বসু ও শুভেন্দু গড়াই।
সচিব বলেন, ‘‘হুগলিতে পরীক্ষাকেন্দ্রগুলির ব্যবস্থাপনা খুব ভাল হয়েছে। সে ভাবে কোনও সমস্যার কথা শিক্ষক-শিক্ষকা বা পরীক্ষার্থীরা জানাননি।’’ তিনি জানান, পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। এ বার হুগলিতে তিন ছাত্রছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন মেলায় তাদের পরীক্ষা বাতিল হয়েছে। সচিব বলেন, ‘‘রাজ্যের অন্যত্রও এ ধরনের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কেন এই পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে এল, নিয়ম মেনে খতিয়ে দেখা হবে। তাদের এবং প্রয়োজনে অভিভাবকদের সঙ্গেও কথা বলা হবে। আমরা আশাবাদী, নিজেদের ভুল শুধরে ওই পরীক্ষার্থীরা আগামী বছর ফের মাধ্যমিকে বসবে।’’