• উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হেনস্তা ও মারধরের ঘটনায় নাম জড়ালো এক রাজনৈতিক দলের নেতার। অভিযোগ দলের অঞ্চল সভাপতির নেতৃত্বে স্থানীয় আস্তিক অধিকারীর বাবার দোকানে গিয়ে অশান্তি পাকায়। এই নিয়ে আস্তিকের পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলা বাঁধে অঞ্চল সভাপতির অনুগামীদের। 

    ঘটনাটি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রামের। স্থানীয়দের অভিযোগ, বুধবার বোঁয়াইচণ্ডী মায়ের মন্দির সংলগ্ন একটি দোকানে হামলা চালানো হয়। ব্যবসায়ী দীপক অধিকারীকে মারধরের পাশাপাশি তাঁর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে আস্তিক অধিকারীকেও মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয়! 

    ঘটনার পর আহতরা খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে  চিকিৎসা করান। থানায় অভিযোগ দায়ের করতে গেলে প্রথমে খণ্ডঘোষ থানার মেজবাবু অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ করেন আহতরা। এমনকী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতার নামও বাদ দেওয়ার জোরাজুরি করা হয়। যদিও পরে ওসি অভিযোগ গ্রহণ করেন। তবে নতুন করে অভিযোগ লেখানোর সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আস্তিক অধিকারীর নাম বাদ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ।

    ঘটনার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, সেখানে আস্তিক অধিকারীকে মারধর করে জোর করে পুকুরে ফেলে দেওয়ার ফুটেজ স্পষ্ট।

    রৈজনৈতিক দলের অভিযুক্ত নেতা কয়েকমাস  আগেই বোঁয়াইচণ্ডী বাজারের ব্যবসায়ী সুবীর মণ্ডলকে গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর করেছে বলে অভিযোগ। সে ক্ষেত্রেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে বর্ধমান আদালতের নির্দেশে মামলা রুজু হয়।

    এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। তবে শুনেছি থানায় অভিযোগ দায়ের হয়েছে। সুতরাং পুলিশ প্রশাসন তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
  • Link to this news (আজকাল)