• SIR-এর এএসডিডি তালিকায় নাম থাকলেও ভোট দিতে পারবেন নির্দিষ্ট শর্তে, স্পষ্ট করল কমিশন
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • SIR-এর খসড়া তালিকা প্রকাশের সময়েই ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়। এই ASDD তালিকা অর্থাৎ, মৃত-ভুয়ো-স্থানান্তরিত-অনুপস্থিতের তালিকা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। সেই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরাও বিশেষ শর্তে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।

    রাজ্যের CEO দপ্তর জানিয়েছে, ওই তালিকায় নাম রয়েছে, এমন ব্যক্তি ভোট দিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে তাঁকে যথোপযুক্ত প্রমাণ নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি জীবিত এবং তাঁর সমস্ত তথ্য সঠিক, সেটা জানাতে হবে। এর পরে তিনি প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে একটি ডিক্লারেশন ফর্ম ফিলআপ করবেন। যেখানে তিনি সমস্ত তথ্য দেবেন এবং প্রিসাইডিং অফিসার তা যাচাই করে দেখবেন। তবে রাজ্যের CEO মনোজকুমার আগরওয়াল জানান, পরবর্তীতে যদি প্রমাণিত হয়, যে ওই ভোটার ভুল তথ্য পরিবেশন করে ভোট দিয়েছেন, তা হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।

    SIR-এর নথি যাচাইয়ের কাজে সহায়তা করার জন্যে রাজ্য সরকারের তরফে ৮,৮০৫ জনের গ্রুপ-বি অফিসার দেওয়ার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সকলের নামের তালিকা আগেই নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিল নবান্ন। তবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৬,০০০ জন কাজে যোগ দিয়েছেন বলে দাবি করল কমিশন। এমনকী, এই ৬ হাজারের মধ্যে ৫০০ জন AERO (যাঁরা বর্তমানে SIR-এর কাজে কর্মরত) রয়েছেন বলেও দাবি করা হয়েছে।

    পশ্চিমবঙ্গের SIR সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে মাইক্রো অবজ়ার্ভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, মাইক্রো অবজ়ার্ভারদের পাশাপাশি রাজ্যের দেওয়া গ্রুপ বি অফিসাররাও SIR-এর কাজে সহায়তা করতে পারবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে শুধুমাত্র ERO-দের। সেইমতো, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ৮,৮০৫ জনকে কাজে যোগ দেওয়ার ব্যাপারে জানানো হয়েছিল।

    তবে কমিশনের দাবি, এখনও সব অফিসার যোগ দেননি। পাশাপাশি যে তালিকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে তার মধ্যে অনেকেই গ্রুপ বি অফিসার নন। কত লোক কোন জেলায় নিয়োজিত হবেন, সে ব্যাপারেও জেলাশাসক বা DEO-দের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। সেই তালিকাও CEO-র কাছে আসেনি বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর। এখনও পর্যন্ত শুধুমাত্র দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলা থেকে এই রিপোর্ট জমা পড়েছে।

  • Link to this news (এই সময়)