• পুলিশি অভিযানের পরেও বেআইনি দোকানের রমরমা, উত্তরবঙ্গ মেডিক্যালে হোটেল কার নির্দেশে?
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, শিলিগুড়ি: রোগী কল্যাণ সমিতির কড়া মনোভাব, পুলিশ দিয়ে পণ্য বাজেয়াপ্ত করেও বিকিকিনি বন্ধ করা যাচ্ছে না উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। গাইনি বিভাগের সামনে কেবল খাবারের দোকানই নয়, নবজাতকের জন্য প্রয়োজনীয় তোয়ালে থেকে স্নানের প্লাস্টিকের মগ, সবই মিলছে। মানসিক রোগের চিকিৎসাকেন্দ্রের পাশেও তাই।

    রাতে ঘুমোনোর প্লাস্টিকের শিট থেকে নানা খাবার, সবই রয়েছে দোকানে। মেডিক্যাল কলেজে একটি ক্যান্টিন রয়েছে। তা সত্ত্বেও মেডিসিন ওয়ার্ডের সামনে চলছে একটি রেস্তোরাঁ। কে অনুমতি দিয়েছেন, কেউ জানে না। আউটডোরের কাছে চলছে স্বনির্ভর গোষ্ঠীর একটি হোটেল। সম্প্রতি এমার্জেন্সির সামনে আরও একটি ক্যান্টিন চালু করা হয়েছে। অথচ, মেডিক্যাল কলেজের বাইরে রয়েছে বিস্তর খাবারের দোকান, ডেন্টাল কলেজের পাশে বাজার, এমনকী, কলেজের ঠিক উল্টোদিকে সীমানার বাইরে রয়েছে সমস্ত দোকান। কেন বার বার সরিয়ে দেওয়ার পরেও ফের নতুন করে বেআইনি দোকানপাট গজিয়ে উঠছে, তা নিয়ে মেডিক্যাল কলেজের কর্মীদের ক্ষোভের শেষ নেই।

    রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই ঘটনায় বিরক্ত। তিনি বলেন, 'এই তো ক'দিন আগে সরিয়ে দেওয়া হলো। আবার দোকানপাট বসছে বলে জানতে পেরেছি। মেডিক্যাল কলেজ চত্বরে এ ধরনের বেআইনি ব্যবসা চলতে দেওয়া হবে না।' গাইনির বিভাগের সামনে দোকান রয়েছে উদয় নাথ-এর। তিনি বলেন, 'সরিয়ে দেব বললে তো হবে না। আমরা যাব কোথায়? এই ছোট দোকান চালিয়ে সংসার চলে।'

    আর এক দোকানদার শ্যামলী পাল বলেন, 'আমরা তো কারও ক্ষতি করছি না। তোয়ালে কিনতে হাসপাতালের বাইরে যেতে হতো। এখন হাতের কাছে জিনিসপত্র পাচ্ছে। 'তবে নিরাপত্তা কর্মীদের উদ্বেগ অন্যত্র। উত্তরবঙ্গ মেডিক্যালে দালালদের যে দাপাদাপি চলে, সেটা এই সমস্ত বেআইনি দোকানগুলিকে আশ্রয় করেই। রেস্তোরাঁ, হোটেল, ছোট দোকানের সামনে বসে দালালেরা রোগীর পরিবারকে পাকড়াও করে।

    তার পরে কাউকে রক্ত পাইয়ে দেওয়ার নামে, কাউকে সিটি স্ক্যান করিয়ে দেওয়ার কথা বলে টাকা আদায় করছে। অনেকে সেই ফাঁদে পড়ে ঠকেন। ঠকে গেলে শুরু হয় চিৎকার, চেঁচামেচি। তখন আর দালালদের কেউ খুঁজে পায় না। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সঞ্জয় মল্লিক বলেন, 'রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সবই জানেন। তিনিই পদক্ষেপ করবেন।'

  • Link to this news (এই সময়)