বাংলাদেশের নির্বাচনে BNP-রই জয়জয়কার। ২০ বছর পরে ক্ষমতায় ফিরতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল। সব ঠিক থাকলে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন তারেক রহমান। তাঁর দলের জয় একপ্রকার নিশ্চিত। এর পরেই শুক্রবার সকালে তারেককে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডলে লিখলেন, ‘আগাম রমজান মোবারক।’
ঢাকা-১৭ আসন এবং বগুড়া-৬ আসন থেকে ভোটে লড়েছিলেন তারেক। দুই আসনেই জয়ী হয়েছেন তিনি। একই সঙ্গে নির্বাচনী ফলাফলেও BNP বিপুল আসন নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। এ দিন মমতা লিখেছেন, ‘বাংলাদেশের সকল ভাইবোন, জনগণকে, জানাই আমার শুভনন্দন। আমার আগাম রমজান মোবারক।’
পরিবর্তনের হাওয়ায় ভাসছে বাংলাদেশ। BNP শিবিরেও উচ্ছ্বাসের হাওয়া। সেটা বুঝেই মমতা লিখেছেন, ‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই তারেকভাইকে, তাঁর দল এবং অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’ একই সঙ্গে দুই দেশের সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশা করেছেন মমতা। তাঁর কথায়, ‘আমাদের সঙ্গে সব সময়ে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’
বাংলাদেশ বরাবরই ভারতের মিত্র দেশ। পশ্চিমবঙ্গের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ২০২৪-এর জুলাইয়ে শেখ হাসিনার পতন এবং মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জমানায় দুই দেশের সম্পর্কে ছন্দপতন ঘটেছিল বলেই মনে করেন কূটনৈতিক বিশ্লেশকদের একাংশ। তবে, এত কিছুর মধ্যে এপাড় আর ওপার বাংলার মধ্যে আবেগ কমেনি একটুও।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ৩০০টির মধ্যে ২৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৫১টি আসন। ভোটের ফলের প্রাথমিক ট্রেন্ডে BNP-র দিকেই সংখ্যাগরিষ্ঠতা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।