আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ছিনতাই রাতের অন্ধকারে। কিন্তু মাত্র কয়েকঘণ্টা। কয়েকঘণ্টাতেই ছিনতাইবাজকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটে দিনকয়েক আগেই। শোভাবাজার ক্রসিংয়ের কাছে ঘটনা ঘটে।
জানা গিয়েছে, শোভাবাজার ক্রসিংয়ের কাছে তিনি বাড়ি ফেরার উদ্দেশে গাড়িতে উঠে বসেন। তখনও জানতেন না তাঁর জন্য কী অপেক্ষা করে রয়েছে। গাড়ি কিছুডুর যেতেই, চালক ইচ্ছাকৃত ভুল রাস্তায় নিয়ে যান বলে অভিযোগ। অভিযোগ, ওই ব্যক্তি আচমকাই গলার হার ছিঁড়ে নিয়ে গাড়ি-সহ সম্পট দেয়। উলটোডাঙা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনাক্ত করা হয় সন্দেহভাজন গাড়িটি। তারপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণ দিয়ে কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, 'ঘটনা দিন তিনেক আগের। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় দশটা। শোভাবাজার ক্রসিংয়ের কাছে এসে রামজি তেওয়ারি নামে জনৈক সহনাগরিক একটি চারচাকা গাড়িতে উঠে বসেন বাড়ি ফেরার উদ্দেশ্যে।
গাড়ি কিছুটা এগোতেই বিপত্তি। চালক রাস্তা বদলে ঢুকে পড়েছে একটি নির্জন লেনে। এবং ব্রেক কষেছে হঠাৎ। তারপর চকিতে নেমে এসেছে গাড়ি থেকে। এবং এক ঝটকায় রামজির গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে গাড়িসহ অদৃশ্য হয়ে গেছে। অভিযোগ দায়ের হয় উল্টোডাঙ্গা থানায়। ঘটনার তদন্তভার গ্রহণ করে আমাদের অ্যান্টি-স্ন্যাচিং স্কোয়াড। আশেপাশের অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনাক্ত করা হয় সন্দেহভাজন গাড়িটি। এরপর গাড়ির নম্বর ধরে ডাটাবেস যাচাই করা এবং আবিষ্কার করা যে, গাড়িটি ইতিমধ্যেই চারবার মালিকানা বদলেছে।
tube.com/watch?v=ycPEA7C2xjc
মালিকানার নথি যাচাই, ধারাবাহিক নজরদারি এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে বর্তমান মালিককে চিহ্নিত করা হয়। সেই সূত্র ধরেই গ্রেফতার করা হয় গাড়ির চালককে। গুণধরের নাম রাজা শর্মা, বাড়ি মানিকতলা এলাকায়। অতঃপর জিজ্ঞাসাবাদ, স্বীকারোক্তি এবং ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধার। গাড়ি শনাক্তকরণ থেকে শুরু করে অভিযুক্ত গ্রেফতার এবং চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার—সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় মাত্র ছয় ঘন্টায়।'