• বিগ ব্রেকিং! কোন নথি গ্রাহ্য? চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ নিয়ে CEO ও জেলাশাসকদের কড়া বার্তা জ্ঞানেশ কুমারের...
    ২৪ ঘন্টা | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • অর্কদীপ্ত মুখার্জি: বড় খবর। রাজ্যের সিইও ও জেলাশাসকদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের ভিডিয়ো কনফারেন্সিং বৈঠকে কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। সূত্রের খবর, রাজ্যের সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সতর্ক করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

    বললেন, "এসআইআর-এর কাজ নিয়ে সতর্ক থাকুন আপনারা। এসআইআর-এর কাজ সঠিকভাবে এবং নিখুঁতভাবে করতে হবে আপনাদের। অকারণে অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করবেন না। অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নথির বাইরে অন্য কোন নথি নেওয়া যাবে না। সে দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। কোনওভাবেই কোনও অপাসঙ্গিক নথি আপলোড যাতে না হয় সেটা নজর রাখুন। আমাদের ভালো মানের কাজ চাই। যেগুলি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে সেগুলির আবার যাচাই করুন। যাতে ভোটার তালিকায় অনৈতিকভাবে কোনও নাম ঢুকতে না পারে বা নাম যাতে বাদ না যায়।"

    এদিন সকাল ১১টা থেকে শুরু হয় ভার্চুয়াল এই বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকে জেলাশাসকদের সতর্ক করে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তেমনটাই খবর কমিশন সূত্রে। কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচন কমিশনার বৈঠকে স্পষ্ট করে বলেন, "চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাতে কোনও ভারতীয়র নাম না বাদ যায় সেটা নিশ্চিত করতে হবে। কোনও বিদেশিদের  নাম যাতে না থাকে ভোটার তালিকায় সেটাও আপনাদের নিশ্চিত করতে হবে। ডকুমেন্টগুলি যেন পর্যাপ্ত স্ক্রুটিনি করা হয় সেটাও নিশ্চিত করতে হবে।"

    এমনকি বলা হয়, "আপনারা ভাববেন না যে আপনারা পালিয়ে যেতে পারবেন। আজ না হোক আগামী দু'বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে।" বিভিন্ন জেলাশাসক তথ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সতর্ক করে এমন কড়া ভাষাতেই জাতীয় নির্বাচন কমিশন বার্তা দিল বলে কমিশন সূত্রে খবর। রীতিমতো উদাহরণ তুলে বলা হয়, "অনেক জায়গা থেকেই ভুল ডকুমেন্ট আপলোড করা হচ্ছে। ডকুমেন্ট হিসেবে কোথাও আবার সংবাদপত্র আপলোড করে দেওয়া হয়েছে, আবার পাসপোর্ট আপলোড করা কথা বলা হলেও পাসপোর্ট এর জায়গায় ব্ল্যাঙ্ক পেপার আপলোড করে দেওয়া হচ্ছে।" এমনটা যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট করে দেয় কমিশনের ফুল বেঞ্চ।

    প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে চলছে এসআইআর (SIR) বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। মঙ্গলবার এসআইআরের নতুন সূচি প্রকাশ করে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এসবের মাঝেই আবার বাংলার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে  দিল্লিতে তলব নির্বাচন কমিশনের। শুক্রবার বিকাল তিনটের মধ্যে রাজধানীতে নির্বাচন কমিশনের দফতরে হাজির হতে বলা হয়েছে নন্দিনী চক্রবর্তীকে।

  • Link to this news (২৪ ঘন্টা)