• টিকিট না কাটায় জরিমানা! পরীক্ষা না দিতে পেরে বাড়ি ফিরে আত্মঘাতী ছাত্রী
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • তৃতীয় সেমেস্টারের পরীক্ষা ছিল। শুক্রবার তাড়াহুড়ো করে ট্রেন ধরতে স্টেশনে হাজির হয়েছিলেন পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা জয়শ্রী সরকার (২০)। রসুলপুর থেকে ট্রেনে চেপে বর্ধমান যান জয়শ্রী। ট্রেন থেকে নামতেই বর্ধমান স্টেশনে টিকিট পরীক্ষক তাঁকে টিকিট দেখানোর কথা বলেন। দেরি হয়ে যাওয়ায় টিকিট কাটেননি বলে জানান ওই পরীক্ষার্থী। এর পরে দীর্ঘক্ষণ তাঁকে বসিয়ে রাখা হয়। তার জন্যেই পরীক্ষা দেওয়া হয়নি বলে অভিযোগ। বাড়ি ফিরে ওই ছাত্রী আত্মঘাতী হন বলে দাবি পরিবারের। মেমারি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

    জানা গিয়েছে, বর্ধমানের মেমারির রসুলপুরের মাঠপাড়ার বাসিন্দা জয়শ্রী সরকার। তাঁরা বর্ধমান উইমেন্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার তাঁর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল। রসুলপুর থেকে ট্রেনে চেপে বর্ধমান যায় জয়শ্রী। টিকিট দেখাতে না পারার কারণে তাঁকে আটকে হেনস্থা করে টিটি। এমনকী কলেজের পরীক্ষার কথা জানালেও তাঁকে বসিয়ে রাখা হয়। স্টেশন থেকেই ফোনে জয়শ্রী ঘটনার কথা পরিবারকে জানান। পরে তাঁর কাছে ফাইন নেওয়া হয়।

    জয়শ্রীর পরিবারের দাবি, পরীক্ষা দিতে যাওয়ার জন্য বার বার অনুরোধ করা হয়েছিল। এর পরেও ওই টিটি কোনও ভাবে অনমনীয় মনোভাব দেখাননি। উল্টে নানা ভাবে অপমান সূচক কথা বলা হয় বলে দাবি। পরিবারের দাবি, কুইঙ্গিতও করা হয়েছে।

    দুপুরে বাড়ি ফিরে নিজের ঘরে ওড়নাতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জয়শ্রী বলে অভিযোগ। মেমারি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

    জয়শ্রীর পরিবারের এক সদস্য বলেন, ‘টিটিই-র হেনস্থার কারণে মেয়েটা আজ চলে গেল। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেনি। ফাইনের জন্য পুরো টাকা দিয়ে দিয়েছিল। টিটিই-র কাছে ৩০ টাকা চেয়েছিল, যাতে টোটো করে অন্তত বাড়ি ফিরতে পারে। সেই টাকাও টিটিই দেননি।’ পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ‘বিষয়টা আমাদের নজরে এসেছে। আমরা খোঁজ নিচ্ছি কে ছিলেন টিকিট পরীক্ষার কাজে। টিকিট না কাটলে জরিমানা করা বা আইন মেনে কিছু করতেই পারে। তবে সবটা খোঁজ নিতে হবে আমাদেরও। খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা।

  • Link to this news (এই সময়)