আজকাল ওয়েবডেস্ক: টিকিট না কাটায় বর্ধমান স্টেশনে টিকিট পরীক্ষকের হেনস্থার জেরে বাড়ি ফিরে আত্মঘাতী হল তরুণী। উঠেছে অভিযোগ। শুক্রবার মর্মান্তিক এই ঘটনা এই ঘটে গেল পূর্ব বর্ধমানের মেমারি থানার রসুলপুরে। আত্মঘাতী কলেজছাত্রীর বাড়ি রসুলপুর মাঠপাড়ায়। পরিবার সূত্রে জানা যায়, মৃতা বর্ধমান উইমেন্স কলেজের দ্বিতীয় বর্ষের ইতিহাস অনার্সের ছাত্রী। শুক্রবার ছিল তাঁর কলেজে পরীক্ষা।
সকালে তিনি পরীক্ষা দেওয়ার জন্য রসুলপুর থেকে ট্রেনে চেপে বর্ধমান স্টেশনে যান। ট্রেন থেকে নামতেই প্লাটফর্মে টিকিট পরীক্ষককে টিকিট দেখাতে না পারায় তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, কলেজের পরীক্ষার কথা জানালেও তাঁকে বসিয়ে রাখা হয়। পরে তাঁর থেকে জরিমানা বাবদ টাকা নেওয়া হয়। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় পরীক্ষা দেওয়া হয় নি তাঁর। দুপুরে বাড়ি ফিরে যান। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। মা বিএলও। তিনি এসআইআর-এর কাজে বিডিও অফিসে ছিলেন। বাবা কাজ থেকে ফিরে এসে দেখেন মেয়ে নিজের ঘরে ওড়নাতে ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। পরিবারের অভিযোগ, টিকিট পরীক্ষকের অমানবিক আচরণের জেরে তাঁদের মেয়ে এই পথ বেছে নিলেন।
এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি বলেন, আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে দেখছি।