অয়ন ঘোষাল: প্রেম দিবসে দিনের পারদ ২৯ ডিগ্রি ছুঁই ছুঁই হতে পারে। ভোরের নামমাত্র শীতের পরশটুকু বাদ দিলে রাজ্যে গায়েব হতে চলেছে শীত। কাল শিবরাত্রি থেকে ক্রমান্বয়ে দিন ও রাতের পারদ উত্থান। এই মাসেই শেষ দিকে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির ঘরে পৌঁছাতে চলেছে বলে পূর্বাভাস। দোলের দিন থেকে রীতিমত গরমের অনুভূতি। দাবদাহের প্রকোপ বাড়বে এপ্রিল থেকেই। কষ্টদায়ক হতে চলেছে মে জুন।
বসন্তের শুরু
আনুষ্ঠানিকভাবে আজ থেকে বঙ্গে বসন্ত কাল। বসন্তেই চাঁদিফাটা গরম। আজ উষ্ণ ভ্যালেন্টাইন্স ডের ইঙ্গিত। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ২৯ ডিগ্রি। রাতের পারদ কিছুটা বেড়ে পৌঁছাতে পারে ১৭ ডিগ্রিতে। বেশি রাত এবং খুব ভোরে সামান্য হিমেল পরশ বাদ দিলে দিনের মূল সময় আজ থেকেই বিলুপ্ত শীতের সমস্ত অনুভূতি।
ঘন কুয়াশা
রাজ্যে কোথাও আর ঘন কুয়াশার সতর্কতা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
পশ্চিমী ঝঞ্ঝা
উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ পূর্ব ও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। গতকাল ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা।
গায়েব শীতের আমেজ
সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়ল। শীতের আমেজ ক্রমশ কমছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু' ডিগ্রি মত নিচে রয়েছে বিভিন্ন জেলাতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় দু' ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা। কাল রবিবার শিবরাত্রি থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। পরবর্তী তিন দিনে দু-ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত থাকছে না। সব জেলারই বেশ কিছু এলাকায় হালকা মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন। উত্তরবঙ্গেও আজ থেকে বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাতে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মালদা-সহ নিচের দিকের জেলাতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এই উইকেন্ডে।
এল নিনো
ভেলকি দেখাতে শুরু করল এল নিনো ২০২৬। কেরালার কন্নুর এ সর্বোচ্চ তাপমাত্রা পরশু পৌঁছে গিয়েছিল ৩৭.২ ডিগ্রিতে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পশ্চিম রাজস্থানের পালিতে ৬.২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সতর্কতা হিমাচল প্রদেশে। আজ বিকেল পর্যন্ত দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে দমকা হাওয়ায় গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে।