• আফ্রিকার ইলিশ, চিংড়ি, তেলাপিয়া নাকি পড়ছে বাঙালির পাতে?
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি: 'নিজের দেশের জিনিস জানেন না, আবার অ্যাফ্রিকা!' 'সোনার কেল্লা'য় গ্লোব–ট্রটার মন্দার বোস কার্যত তাচ্ছিল্যের সুরে প্রশ্নটা ছুড়ে দিয়েছিলেন লালমোহনবাবুকে। কিন্তু সেই আফ্রিকার ইলিশ, চিংড়ি, তেলাপিয়া নাকি পড়ছে বাঙালির পাতে? এমনই দাবি ভারত সরকারের।

    উগান্ডা, মরিতানিয়ার মতো অাফ্রিকার দেশগুলি থেকে ইলিশ, চিংড়ি আর তেলাপিয়া পশ্চিমবঙ্গে আসছে বলে শুক্রবার রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ!

    মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, ইলিশ মূলত পাওয়া যায় সিন্ধু থেকে ইরাবতী পর্যন্ত, যার বিজ্ঞানসম্মত নাম তেনুয়ালোসা ইলিশা (Tenualosa ilisha)। আফ্রিকার ইলিশের বিজ্ঞানসম্মত নাম (Ilisha africana)। দু'টির চেহারা ও স্বাদ অনেকটাই ভিন্ন। এই ফারাকটি তেলাপিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবর্ষে মরিতানিয়া থেকে ৪,৮৬,৪৭৫ কেজি ইলিশ আমদানি করা হয়েছে বাংলায়। ২০২৪–২৫ অর্থবর্ষে উগান্ডা থেকে বাংলায় আমদানি হয়েছে ১৮,৩০৬ কেজি চিংড়ি। শমীকের প্রশ্নের জবাবে সরকারি পরিংসখ্যান পেশ করে দেখানো হয়েছে, শুধুমাত্র ২০২৪-২৫ অর্থবর্ষেই প্রায় ৯ লক্ষ কেজি মাছ আমদানি হয়েছে পশ্চিমবঙ্গে। যার বাজারমূল্য প্রায় ৭২ কোটি টাকা।

    ২০২২-২৩ সালে ১৫.১ কোটি কেজি, ২০২৩-২৪তে ১৩.৬ কোটি কেজি এবং ২০২৪-২৫তে ১২.২ কোটি কেজি মাছ এসেছে মূলত অন্ধ্রপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড থেকে। সরকারের এই পরিসংখ্যানকে হাতিয়ার করে বিজেপি প্রশ্ন তুলেছে, মাছের জোগানের ক্ষেত্রে কি আমদানি নির্ভর রাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ? শমীকের অভিযোগ, 'সব থেকে বেশি চাপে পড়েছেন বাংলার স্থানীয় মৎস্যজীবীরা। বাইরের রাজ্য ও বিদেশ থেকে আসা মাছে বাজার ছেয়ে যাওয়ায় স্থানীয় মাছ ন্যায্য দাম পাচ্ছে না। মত্‍স্যজীবীদের পেশা ছাড়ার প্রবণতাও বাড়ছে। রাজ্যের ব্যর্থতাই এই পরিস্থিতির জন্য দায়ী।' জিতিনের দাবি, মত্‍স্য শিল্পের বিকাশের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র আওতায় পশ্চিমবঙ্গে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করেছে।

    যদিও বাংলার মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর বক্তব্য, 'ব্যবসায়ীরা নানা কারণে বিভিন্ন জায়গা থেকে মাছ আমদানি করেন। সেটা খুব বড় বিষয় নয়। বাং‍লায় মাছ উৎপাদন যথেষ্ট। এ রাজ্য থেকে ভিন রাজ্যে ভালো পরিমাণ মাছও রপ্তানি হয়।'

  • Link to this news (এই সময়)