বিধানসভা ভোট (Bengal Assembly Election 2026) ঘোষণা হতে এখনও কিছুটা সময় আছে। তবে ভোটের দেওয়াল লিখন শুরু কলকাতা থেকে জেলায়। দেওয়াল লিখন শুরু হতেই শুরু আকচাআকচিও। তৃণমূলের (TMC) দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ ঘিরে হুমকি-হুঁশিয়ারির রাজনীতি পূর্ব বর্ধমানের গলসিতে (Burdwan Galsi)। বিজেপির (BJP) দাবি, তৃণমূলের দেওয়াল বলে কিছু নেই। বহু পুরোনো একটা দেওয়াল লিখনের উপরে চুনকাম করা হয়েছে। অভিযোগ, তা নিয়ে তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাকির হোসেন হুমকি দিচ্ছেন। যদিও জাকিরের দাবি, যাঁর যে ভাষা বোধগম্য হয়, তাতেই জবাব দেওয়া হবে।
সম্প্রতি একটি ভিডিয়ো সামনে আসে। অভিযোগ, সেখানে দেখা যায়, গলসি-১ ব্লকের উচ্চগ্রামে মণ্ডলপাড়ার ১৯৩ বুথের একটি বাড়ির দেওয়ালে সাদা রঙের উপরে নীল রং দিয়ে তৃণমূলের জোড়াফুল আঁকা ছিল। আর সেই জোড়া ফুল সাদা চুন দিয়ে মুছে দেন বিজেপি নেতা রাজু পাত্র।
রাজু পাত্রের অবশ্য বক্তব্য, ‘দেওয়াল কি তৃণমূলের চুক্তি করা নাকি? এখানে বহু পুরোনো একটা লিখন ছিল। হালকা হয়ে গিয়েছিল। সেখানে আমরা চুনকাম করি। তৃণমূলের তো আর কিছু নেই। এ সব করে এলাকায় অশান্তি করছে। জাকির হুসেন যদি ভাবেন, আমরা চুপ থাকব একেবারেই নয়। প্রয়োজনে প্রতিশোধও নিতে পারি। উনি যদি আমাকে দেখে নেন, আমিও তাঁকে দেখে নেব। ’২৬-এর পরে এমন দৌড় করাব, উনি রাস্তা চিনতে পারবেন না।’
পাল্টা জাকির হুসেন বলেন, ‘যে গ্রামে ঢুকবে, সেখানেই মেয়েরা তোমাকে ঝাঁটা নিয়ে তাড়াবে। বিভেদ লাগিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলেও লাভ হবে না। তোমরা যে ভাষায় কথা বলবে, আমরাও সেই ভাষায় কথা বলব। একটা দেওয়াল লিখতে দেবো না গলসি-১ ব্লকে।’
ভোট আসছে। উত্তাপ যে বাড়ছে, বুঝিয়ে দিচ্ছে এই ঘটনাগুলি।