• বাংলা আমাকে প্রাপ্য সুযোগ দেয়নি : ত্রিধা
    বর্তমান | ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • স্বপ্নের শুরু

    সৃজিত মুখোপাধ্যায়ের ‘মিশর রহস্য’ ছবি দিয়ে অভিনয় যাত্রা শুরু করেছিলেন ত্রিধা। তাঁর মতে সেটা ছিল স্বপ্নের শুরু। ‘আমি তখন ছোটো ছিলাম। ইন্ডাস্ট্রির সঙ্গে আমার কোনও যোগাযোগ ছিল না। সৃজিতদার মতো পরিচালকের সঙ্গে কাজ করা মানে একটা শিশুকে হাত ধরে পথ দেখানোর মতো। উনি আমাকে আত্মবিশ্বাস জোগাতেন, নানা ভাবে উৎসাহিত করতেন’, বললেন ত্রিধা।

    বাংলা নিয়ে আক্ষেপ

    কলকাতার মেয়ে এখন মুম্বইয়ের বাসিন্দা। এই শহরের তুলনায় মুম্বই তাঁকে বেশি আপন করে নিয়েছেন বলে মনে করেন ত্রিধা। অনুযোগের সুরে তিনি বলেন, ‘বাংলা দিয়ে আমার কেরিয়ার শুরু। কিন্তু বাংলায় তেমন সুযোগ পাইনি। মুম্বই আমাকে সুযোগ দিয়েছে। এনিয়ে আমার বরাবরই আক্ষেপ আছে। আমাকে একটা প্রশ্ন তাড়া করে যে, ভালো কাজ করার পরেও কেন বাংলা আমাকে প্রাপ্য সুযোগ দেয়নি। আমি বাংলার মেয়ে। বাংলার প্রতি আমার আবেগ সবসময় আলাদা। বাংলাতে আরও কাজ করতে চাই।’

    শুরুর দিনগুলো

    মুম্বইয়ে যাওয়ার পর মানিয়ে নিতে ত্রিধার কিছুটা সময় লেগেছিল। তাঁর কথায়, ‘মুম্বইয়ে দেখলাম সবার নিজস্ব গ্রপ আছে। তাঁদের মাঝে আমার একা লাগত। চুপচাপ থাকতাম। সেজন্য অনেকে আমাকে ভুল বুঝতেন। অনেকে ভাবতেন. আমি অহংকারী। আসল সত্যিটা হল, আমি ইচ্ছে করেই খুব বেশি ‘সোশালাইজ’ করতাম না।’

    সাহসী চরিত্র

    প্রকাশ ঝা-র ‘আশ্রম’ সিরিজ তাঁকে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছে বলে জানান ত্রিধা। এই সিরিজে তাঁকে সাহসী চরিত্রে দেখা গিয়েছে। ত্রিধার মতে, ‘কোনও অভিনেতার সঙ্গেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা সহজ কাজ নয়। ওখানে ববি দেওলের মতো অভিনেতা ছিলেন। ওঁর সিনেমা দেখে আমার বেড়ে ওঠা। তাই ওঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে সঙ্কোচ ছিল। নিজের সেরাটা দিতে আমি চেষ্টা করেছি।’

    ফিরে দেখা

    জীবনের নানান চড়াই-উতরাই দিয়ে গিয়েছেন ত্রিধা। ‘টক্সিক’ সম্পর্কের বোঝা যেন আজও তিনি বয়ে বেড়াচ্ছেন, আর তা তাঁর কথাতেই স্পষ্ট। খানিক চুপ করে থাকার পর অভিনেত্রী বলেন, ‘এখন অনুশোচনা হয় যে, আমি শুধুমাত্র অভিনয়ের দিকে কেন ফোকাস করিনি। কোনো একজন কেন আমার জীবন আমার কেরিয়ারের উপর কর্তৃত্ব করবে? কোয়ালিটি কাজ আমি করেছি, কিন্তু কোয়ান্টিটিতে নেহাতই কম। সংখ্যায় আরও বেশি কাজ করার দিকে ফোকাস করা উচিত ছিল।’
  • Link to this news (বর্তমান)