• টিকিটের কালোবাজারি ঠেকাতে তৎপরতা রেলে
    আনন্দবাজার | ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে ‘সন্দেহজনক’ অ্যাকাউন্ট চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে রেল। শুক্রবার রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ২০২৫ সালে প্রায় ৩ কোটি ৩ লক্ষ সন্দেহজনক অ্যাকাউন্ট মুছে দিয়েছে রেল। এ ছাড়াও, ‘বট’ প্রযুক্তি ব্যবহার করে টিকিট কাটার প্রচেষ্টাও আটকানো হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটি কয়েকশো কোটি।

    প্রসঙ্গত, আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে দূরপাল্লার সংরক্ষিত শ্রেণির টিকিট কাটতে গিয়ে প্রায়ই হয়রানির অভিযোগ করে থাকেন যাত্রীরা। অভিযোগ, বিভিন্ন ব্যস্ত রুটে বুকিং শুরু হওয়া মাত্রই টিকিট ফুরিয়ে যায়। সূত্রের দাবি, ‘বট’ ব্যবহার করে বিভিন্ন সংস্থা সাধারণ যাত্রীদের আগেই টিকিট কেটে ফেলার ফলেই এমন সমস্যা হয়।

    রেলের খবর, এই কালোবাজারি রুখতে আরপিএফের গোয়েন্দা শাখা অভিযান চালালেও সুরাহা হয়নি। তাই পাল্টা প্রযুক্তি হাতিয়ার করে তৎপর হয়েছে রেল। বৈধ অ্যাকাউন্ট সম্পর্কে নিশ্চিত হতে আধারনির্ভর পরিচিতি ব্যবস্থা ও ওটিপি চালু করা হয়েছে। আইআরসিটিসি-র ওয়েবসাইট এবং অ্যাপ থেকে একই সময়ে বেশি যাত্রীকে টিকিট বিক্রির জন্য সার্ভারের ক্ষমতা বাড়ানো হয়েছে। ওয়েবসাইটের সুরক্ষা জোরদার করা হয়েছে।

    একটি সূত্রের দাবি, এত কিছুর পরেও কেন্দ্রের সাইবার ক্রাইম পোর্টালে টিকিট নিয়ে আর্থিক অনিয়মের ৩৭৬টি অভিযোগ মিলেছে। যার ভিত্তিতে প্রায় চার লক্ষ বুকিং বাতিল করা হয়েছে। বিভিন্ন ওয়েবসাইটের প্রায় ১৩ হাজার ‘ই-মেল ডোমেন’ ব্লক করা হয়েছে।

    তবে এখনও সমস্যার পুুরোপুরি সুরাহা হয়নি বলে রেল যাত্রীদের একাংশের দাবি।
  • Link to this news (আনন্দবাজার)