• বোরখা পরে ১৭০ কিমি কানওয়ার যাত্রা! শিবলিঙ্গে জলও ঢাললেন তামান্না
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • গোটা দেশ জুড়ে যখন ক্রমে বাড়ছে হিংসা। বাড়ছে মানুষে মানুষে সন্দেহ, কমছে আস্থা। সেই সময়ে এক অভাবনীয় সাম্প্রদায়িক সম্প্রীতির ছবির সাক্ষী থাকল উত্তরপ্রদেশের সম্ভল জেলার মানুষ। ১৭০ কিলোমিটার দীর্ঘ কানওয়ার যাত্রা শেষে শিবলিঙ্গে জল ঢাললেন বোরখা মাথা ঢাকা এক মুসলিম বধূ। আর মহাশিবরাত্রিতে তাঁকে ‘হর হর মহাদেব’ ধ্বনিতে স্বাগত জানালেন হিন্দু ভক্তবৃন্দ।

    সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দেওয়া ওই বধূর নাম তামান্না মালিক। সম্ভলের বদনপুর বাসাই গ্রামের বাসিন্দা তিনি। সাড়ে তিন বছর আগে একই গ্রামের হিন্দু যুবক আমন ত্যাগীকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। ভিনধর্মের এই বিয়ের আগেই তামান্না মানত করেছিলেন, আমনকে বিয়ে করতে পারলে তিনি শিবলিঙ্গে জল ঢালবেন।

    সেই মানত পূরণ করতেই গত ১০ ফেব্রুয়ারি স্বামীর সঙ্গে হরিদ্বারের উদ্দেশে কানওয়ার যাত্রা শুরু করেন তিনি এবং পরের দিনই ফিরে আসেন। রবিবার সম্ভলের খেম নাথ মন্দিরে পবিত্র গঙ্গাজল দিয়ে মহাদেবের ‘জলাভিষেক’ করেন তামান্না।

    বোরখা পরে এই যাত্রা প্রসঙ্গে তামান্না বলেছেন, ‘আমি সবসময়ই বোরখা পরি। তাই এখন কেন এতে কারও সমস্যা হবে বুঝতে পারছি না।’

    তাঁর স্বামী আমন ত্যাগী জানিয়েছেন, আরিয়ান ও দক্ষ নামে দুই পুত্রসন্তান রয়েছে তাঁদের।এক বছর আগে তাঁরা গ্রামে ফিরে এসেছিলেন। গ্রামের প্রায় সকলেই তাঁদের সাদরেই গ্রহণ করেছে। আর মুসলিম স্ত্রীকে কানওয়ার যাত্রার সময়েও কোনও হিন্দু ভক্ত আপত্তি করেননি। আপত্তি করেনি কোনও হিন্দুত্ববাদী সংগঠনও। বরং তাঁদের সমর্থন ও সাহায্য করেছেন।

  • Link to this news (এই সময়)