নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার ডায়মন্ডহারবার পুলিশ জেলায় অনলাইনে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে। কোনো অস্বাভাবিক মৃত্যু হলে মৃতের ময়নাতদন্তকারী ডাক্তার যেমন বলবেন, পুলিশ জেলার আধিকারিক সেই নোট নেবেন। এরপর তা থেকে রিপোর্ট তৈরি করে সেই ডাক্তারকে দেখিয়ে নেবেন তিনি। ডাক্তার সবুজ সংকেত দিলেই ময়নাতদন্তের ওই রিপোর্ট আপলোড করে দেওয়া হবে সংশ্লিষ্ট পোর্টালে। মৃতের পরিবার সেটা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও তদন্তের স্বার্থে পুলিশও দ্রুত ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে যাবে। সব ক্ষেত্রেই সুবিধা হবে। বর্তমানে কলকাতা পুলিশ ছাড়া রাজ্যে হাতে গোনা কয়েকটি পুলিশ জেলায় এই ব্যবস্থা আছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এতদিন একটি অস্বাভাবিক মৃত্যুর পর তার ময়নাতদন্তের রিপোর্ট আসতেই লেগে যেত অনেকটা সময়। ততদিন মৃতের পরিবারকে অপেক্ষা করতে হতো। বহু ক্ষেত্রে পুলিশি তদন্তেও সমস্যা তৈরি হতো। ডায়মন্ডহারবার পুলিশ জেলা সেই ঝক্কি কমাতে এমন নয়া উদ্যোগ নিচ্ছে। তাই মর্গে কম্পিউটার পটু পুলিশ জেলার একজন দক্ষ আধিকারিককে নিয়োগ করা হচ্ছে। পোস্টমর্টেম সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সংশ্লিষ্ট ডাক্তারের সঙ্গে কথা বলে রিপোর্ট প্রস্তুত করে অনলাইনে আপলোড করে দেবেন। পুলিশ অফিসারদের দাবি, এই উদ্যোগের ফলে মৃতের পরিবারের সদস্যরা সরাসরি ও দ্রুত পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। এটা বিভিন্ন আইনি ও সরকারি প্রক্রিয়াতেও সহায়ক হবে।
পাশাপাশি পাসপোর্ট ভেরিফিকেশনের বকেয়া হ্রাসে বিশেষ পদক্ষেপ নিয়েছে এই পুলিশ জেলা। জেলার বিভিন্ন থানায় পাসপোর্ট সংক্রান্ত আবেদন যাতে অযথা পড়ে না থাকে, সেই লক্ষ্যে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন প্রতি মাসে প্রায় ১২০০টি পাসপোর্ট ভেরিফিকেশন করা হচ্ছে। দীর্ঘদিন জমে থাকা ফাইলের ক্ষেত্রে যথাযথ ব্যাখ্যা চাওয়া হচ্ছে। পদস্থ কর্তারা বলেন, আবেদনকারীদের হয়রানি এড়াতে বদ্ধপরিকর পুলিশ জেলা। তাই পাসপোর্টের আবেদনের সঙ্গে সঙ্গে আমরা কাজে নেমে পড়ি।