• দুয়ারে কড়া নাড়ছে পরীক্ষা, প্রস্তুতি কেমন হলো দেখতে বাড়িতে যাচ্ছেন প্রিন্সিপাল
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, আসানসোল: দরজায় কড়া নাড়ছে পরীক্ষা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কেমন প্রস্তুতি হলো? কতটা তৈরি ছাত্রছাত্রীরা?

    রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস ডিএভি স্কুলের নতুন প্রিন্সিপাল হিসেবে এসেছেন পুনম সিং নামে এক মহিলা। তিনিই স্বয়ং পৌঁছে যাচ্ছেন পড়ুয়াদের বাড়িতে! সকালে কড়া নাড়ার আওয়াজ শুনে দরজা খুলে চমকে উঠছেন অভিভাবকরা। দাঁড়িয়ে রয়েছেন প্রিন্সিপাল। কারণটা কী? প্রিন্সিপাল জানাচ্ছেন, শেষ মুহূর্তে ছাত্রছাত্রীরা কী ভাবে নিজেদের তৈরি করছে অথবা যারা কিছুটা হলেও আগের পরীক্ষাগুলিতে কম নম্বর পেয়েছে, তারা নিজেদের কতটা উন্নত করতে পেরেছে, তা তিনি খতিয়ে দেখে নিতে চাইছেন।

    সময়কে হিসাব কষে ব্যবহার করার সঙ্গে শেষ মুহূর্তে কোন বিষয়ের কোন চ্যাপ্টারগুলিতে বিশেষ জোর দেওয়া দরকার, তা-ও বুঝিয়ে দিচ্ছেন পুনম। কখনও একা, কোনও সময়ে আবার সহকর্মী শিক্ষকদের নিয়েও তিনি চলে যাচ্ছেন পরীক্ষার্থীদের বাড়িতে। পুনমের লক্ষ্য, তাঁদের স্কুলের সব ছেলেমেয়ে যেন বোর্ডের পরীক্ষায় ভালো ফল করতে পারে।

    চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর, এমনকী কোলিয়ারি সংলগ্ন সামডি-সহ বিভিন্ন এলাকায় নিয়ম করে পুনম সহ-শিক্ষককে নিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের কাছে। তাঁর এই মানবিক প্রয়াসকে ধন্যবাদ জানাচ্ছেন অভিভাবকরা। তাঁরা বলছেন, প্রস্তুতির চূড়ান্ত পর্বে ছেলেমেয়েদের কোন বিষয়ে কতটা গুরুত্ব দেওয়া দরকার, তা নিয়ে এমন প্রয়োজনীয় পরামর্শ নিঃসন্দেহে উপকারী। তা ছাড়া স্কুলের প্রিন্সিপালকে দেখার পরে ছাত্রছাত্রীদের ভীতি কেটে যাচ্ছে। তারা অনেক বেশি চনমনে হয়ে উঠছে।

    এক অভিভাবক জানান, রাজ্যে নানা ধরনের সরকারি পরিষেবা দুয়ারে পৌঁছে যেতে দেখছেন, কিন্তু একটি বেসরকারি স্কুলের শিক্ষা পরিষেবাও যে প্রিন্সিপালের মাধ্যমে এ ভাবে চলে আসতে পারে, তার সেরা উদাহরণ ডিএভি স্কুল। পুনম বলছেন, 'দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে চলা প্রতিটি পরীক্ষার্থীই তো সমান মেধাবী নয়, কিন্তু সবাই যাতে সম্মানজনক ফল করতে পারে, সেটা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছি। আশা করি, এতে ছাত্রছাত্রীরা যেমন লাভবান হবে, তেমনই স্কুলেরও সুনাম বজায় থাকবে।' যোগ করেন, 'আমরা যে খুব বিরাট কিছু করছি, তা কিন্তু নয়। এটা আসলে ছাত্রাছাত্রীদের পাশে থেকে ভরসা দেওয়ার চেষ্টা মাত্র। এরা সকলেই আমাদের সন্তান। আমরা চাই, ওদের খুব ভালো হোক।'

  • Link to this news (এই সময়)