নান্টু হাজরা: ফের রাতের শহরে পথ দুর্ঘটনার বলি দুই।জোকা মেট্রো স্টেশনের নীচে ঘটে এই দুর্ঘটনা। ঘটনার তদন্তে ঠাকুর পুকুর থানার পুলিস। ঘাতক গাড়ির খোঁজে ও কীভাবে দুর্ঘটনা তা জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিস।
পুলিস সূত্রে খবর, ঠাকুরপুকুরের বাসিন্দা অঞ্জন সাধুখাঁ (২৯) তার বাড়িতে ফিরছিল বাইকে করে, বাইকের পিছনে এক তরুণী ছিল। জোকার দিক থেকে ঠাকুরপুকুরের দিকে যাওয়ার সময় জোকা মেট্রো স্টেশনের নীচে দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি বিদ্যাসাগর স্টেট্ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুজনকে মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনার কারণ হিসাবে পুলিসের অনুমান জোকা মেট্রো স্টেশনের নীচে রাস্তায় একটা ঢাল রয়েছে, সেই ঢাল থেকে নেমেই রাস্তা একটু খারাপ রয়েছে। কোনওভাবে সেই ঢাল থেকে নেমে খারাপ জায়গায় টাল সামলাতে না পেরে ছিটকে পরে, পিছনে কোনও গাড়ি তাদের ওপর দিয়ে চলে যায় বলে অনুমান। তবে এই বিষয়ে নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস সূত্রে আরও খবর ছেলেটির মাথায় হেলমেট থাকলেও মেয়েটির মাথায় হেলমেট ছিল না। ছেলেটির পরিচয় পাওয়া গেলেও মেয়েটির পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, কিছুদিন আগে রাতের শহরে বেপরোয়া গতির বলি হয় দুই ডাক্তারি পড়ুয়া। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বেহালার ঠাকুরপুকুরে। পুলিস সূত্রে খবর, একজনের নাম ফাইয়াজ মল্লিক, আর একজন আনন্দ প্রিয়দর্শী। ২ জনই জোকার ESI হাসপাতালের MBBS পড়ুয়া। গতকালষ শনিবার রাতে বন্ধুদের সঙ্গে বাইকে নিয়ে বেরিয়েছিলেন ফাইয়াজ ও আনন্দ। তখন ফিরছিলেন। ঠাকুরপুকুর থানার পূর্ব পাড়া জেমস সরণীতে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুই ডাক্তারি পড়ুয়াকে পিষে দিয়ে চলে যায় লরি।