• ভোটের মুখে CPM-এ বিশাল বড় ধাক্কা! 'খাপ খাওয়াতে পারছি না,' বোমা দেগে দল ছাড়লেন প্রতীক উর...
    ২৪ ঘন্টা | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • মৌমিতা চক্রবর্তী: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে CPIM-এর বড় ধাক্কা! দল ছাড়লেন প্রতীক উর রহমান! ভোটের মুখে আচমকাই চিঠি দিয়ে রাজ্য কমিটি থেকে পদত্যাগ প্রতীক উর রহমানের! সেইসঙ্গে দল সিপিএম ছাড়ার ঘোষণাও। ইতিমধ্যেই প্রতীক উরের লেখা সেই চিঠি নিয়ে নিয়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে বাম শিবিরের অন্দরে তথা রাজ্য রাজনীতিতে।

    উল্লেখ্য, একদিন আগেই গতকাল দল ছাড়ার কথা বলে চিঠি পাঠিয়েছিলেন প্রতীক উর। সেই চিঠি-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  চিঠিতে লেখা, ‘সাম্প্রতিক সময়ে পার্টির ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। এমতাবস্থায় আমি পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা এবং কর্মপদ্ধতির সঙ্গে তিনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারার কারণে তাঁকে মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে, আর সেই কারণেই তিনি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব-সহ পার্টির প্রাথমিক সহস্য পদ থেকেও অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন বলে স্পষ্ট উল্লেখ চিঠিতে।

    প্রসঙ্গত, কিছুদিন আগেই দলের এক তরুণ নেতার সঙ্গে প্রতীক উরের মতানৈক্যের খবর সামনে এসেছিল। সেইসময় তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘নীতি-নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না।’ উল্লেখ্য, প্রতীক উর রহমান বাম তরুণ ব্রিগেডের এক উজ্জ্বল মুখ। একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন প্রতীক উর। জিততে না পারলেও তাঁর লড়াকু মনোভাব সবার নজর কেড়েছিল। তাঁর এই লড়াকু মনোভাবের জন্যই তিনি জনপ্রিয়।

    এবার ছাব্বিশের ভোটেও প্রতীত উরকেই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু আচমকা দল ও পার্টির রাজ্য কমিটি থেকে প্রতীক উরের ইস্তফা সবকিছুর উপর এখন প্রশ্নচিহ্ন ফেলে দিয়েছে। প্রসঙ্গত, বাম শিবিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে আসন্ন বিধানসভা ভোটে সিপিএম-এর চাপ কি শরিকরা? নাকি আরও বেশি চাপ বাড়াচ্ছে সিপিএমের অন্দরের জটিলতা-ই। 

    দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্মেলনের বৈঠক থেকেই যে আঁচ পাওয়া গিয়েছিল তা থামার তো নাম-ই নেই বরং বেড়েছে আরও। সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, পাঁশকুড়া পশ্চিম নিয়ে জটিলতা তুঙ্গে। বিশেষ করে সোনারপুর উত্তর ও দক্ষিণ। সোনারপুর দক্ষিণ থেকে সিপিআই প্রার্থী দিতে চাইলেও সিপিএম-এর ওই বিধানসভার নেতারা অনড় তাদের দলের প্রার্থী না হলে কোনওভাবেই মানবেন না তারা। 

    এমনকি জেনারেল বডির বৈঠকেও গতকাল সোচ্চার হয়েছেন তারা। অন্যদিকে, সূত্রের খবর, সোনারপুর উত্তর থেকে মোনালিসা ব্যানার্জিকে প্রার্থী করতে চাইলেও তা নিয়ে ক্ষোভ চরমে। ওই এলাকার কাউকেই প্রার্থী করতে হবে এমন দাবি জানিয়ে চিঠি জমা পড়েছে আলিমুদ্দিনে। সবমিলিয়ে বলাই বাহুল্য যে শরিক নয়, জটিলতা ঘরের অন্দরেই!

  • Link to this news (২৪ ঘন্টা)