• গুলিতে জখম পুলিশ, চম্পট ২ পাকিস্তানি-সহ ৩ বন্দি! সীমান্তে জারি ‘হাই অ্যালার্ট’
    এই সময় | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • জম্মু ও কাশ্মীরে বড়সড় নিরাপত্তা গাফিলতি! সোমবার সন্ধ্যায় জম্মুর আরএস পুরা (RS Pura) জুভেনাইল অবজারভেশন হোম থেকে পালাল তিন বন্দি। চাঞ্চল্যকর বিষয় হলো, পলাতকদের মধ্যে রয়েছে দুই পাকিস্তানি নাগরিক এবং এক স্থানীয় গ্যাংস্টার। তাদের বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন দুই পুলিশকর্মী। এই ঘটনার পরেই সীমান্তবর্তী গোটা জেলা জুড়ে ‘হাই অ্যালার্ট’ অর্থাৎ, চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। অবজারভেশন হোমের বাইরেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, পলাতক দুই পাকিস্তানি নাগরিকের নাম এহসান আনোয়ার এবং মহম্মদ সানাউল্লাহ। প্রথমজন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা, দ্বিতীয়জনের বাড়ি পাক অধিকৃত মুজাফ্ফরাবাদে। তাদের সঙ্গেই পালিয়েছে করণজিৎ সিং ওরফে গুগ্গা নামের এক স্থানীয় গ্যাংস্টার। তার বাড়ি আরএস পুরা-রই ডাবলেহার এলাকায়।

    জম্মু পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল সোয়া ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। আচমকাই অবজারভেশন হোমের নিরাপত্তারক্ষীদের উপরে অতর্কিতে হামলা চালায় এই তিন বন্দি। কর্তব্যরত দুই পুলিশকর্মীকে আহত করে সেখান থেকে চম্পট দেয় তারা।

    ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফুটেজটির সত্যতা যাচাই করেনি 'এই সময় অনলাইন'। তবে ফুটেজটিতে পলাতক বন্দিদের হাতে পিস্তল দেখা গিয়েছে। গুলির আওয়াজও পাওয়া গিয়েছে।

    আহত দুই পুলিশকর্মীর নাম বিনয় কুমার এবং প্রবীণ কুমার। আরএস পুরা সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালের মেডিক্যাল অফিসার, ডা. সানোয়ার সিং জানিয়েছেন, ‘বিনয় কুমার এবং প্রবীণ কুমার নামে দু’জনকে এখানে আনা হয়েছিল। জুভেনাইল হোমের ওই ঘটনাতেই তাঁরা গুরুতর আঘাত পান। আমরা তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য জিএমসি হাসপাতালে পাঠিয়েছি।’

    এই খবর প্রকাশ্যে আসতেই জম্মুজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যেহেতু আরএস পুরা আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা, তাই ভিনদেশি নাগরিকদের এই পলায়ন ভিন্ন মাত্রা পেয়েছে। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা সংস্থাগুলি পলাতকদের খোঁজে গোটা এলাকায় ‘ম্যাসিভ ম্যানহান্ট’ শুরু করেছে। পুলিশের একাধিক বিশেষ দল গঠন করা হয়েছে। রাতের অন্ধকারেই সম্ভাব্য বিভিন্ন ডেরায় লাগাতার তল্লাশি ও অভিযান চালাচ্ছে পুলিশ। নাকা তল্লাশিও বাড়ানো হয়েছে সর্বত্র।

  • Link to this news (এই সময়)