জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'তুঘলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছে'। SIR নিয়ে ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, 'বিহারে যে নথিগুলি SIR-এ গ্রাহ্য হল, বাংলার কেন হবে না? কেন বাংলাকে নিশানা করা হচ্ছে'?
SIR বিতর্কে উত্তাল বঙ্গ রাজনীতি। কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে 'সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কদিন ধরেই আমরা লক্ষ্য করছি যেদিন থেকে SIR শুরু হয়েছে, তথাকথিত টরচার কমিশন, আমি ইলেকশন কমিশন বলতে রাজি নই। যারা তুঘলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছে। তাদের কাছে আমার প্রশ্ন, ভোট দিয়ে জনগণ সরকার নির্বাচন করে নাকি কোনও তুঘলকি কমিশন নিজের ইচ্ছামতো, তিনি একটি রাজনৈতিক দলের সদস্য হলে, তিনি ভোটের আগে ভোটটা করিয়ে দেন কারও পক্ষে'।
মুখ্যমন্ত্রীর কথায়, 'হরিয়ানা নিয়ে অনেক অভিযোগ ছিল। বিহারেও ছিল। মহারাষ্ট্রেও ছিল। সবকিছু তো চাপা থাকে, একদিন না একদিন বেরোবে'। বলেন, বলেন, '১৪ তারিখ ছিল সুপ্রিম কোর্টে নির্দেশ অনুযায়ী, হিয়ারিং হবে। ১৪ তারিখ বেলা তিনটে নাগাদ ব্লক করে দিলেন কেন লগ ইন? লক্ষাধিক মানুষের নাম ছিল। যাদের প্রোসেস হয়ে গিয়েছিল। যাঁদের মধ্যে অনেকেই বৈধ ভোটার। কিন্তু তাদের লগ ইন করতে না দিয়ে, তাদের করতে দেওয়া হল না'।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'যে ৫৮ লক্ষ ভোটারকে এআই করে তুঘলকি কমিশনের একজন বিজেপি কন্য়া, বাদ দিয়ে দিলেন। যাদের অনেক বৈধ ভোটার আছে। সেই চ্যাপ্টারটা কোথায় গেল? আজ পর্যন্ত দেখতে পেয়েছেন কোনও ভোটার বৈধ, কোন ভোটার অবৈধ। চূড়ান্ত ভোটার তালিকায় দেখবেন হয়তো অনেকেরই নাম নেই। পুরো দু'নম্বরি চলছে। জোচ্চুরি খেলার চচ্চড়ি চলছে বাংলায়'।
বাংলায় SIR-এ গুরুতর অনিয়ম, দায়িত্বে গাফিলতি এবং আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজ্যের একাধিক অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) সাসপেন্ড করেছে কমিশন। কবে? রবিবার। মুখ্য়মন্ত্রী বলেন, 'এই যে AERO-কে সাসপেন্ড করলেন, একবার তাঁদের কাছে জানতে চেয়েছিলেন, তাদের অপরাধ কী! কমিশন কতগুলি হোয়াটঅ্যাপ করেছে। এরকম কমিশন আমি কখনও দেখিনি। প্রতিটা ক্ষেত্রে রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করছে। কমিশনের আইন নিশ্চয়ই মানব। আইনেরই সীমা আছে'। সঙ্গে হুঁশিয়ারি, 'সীমানার বাইরে গেলে জনগণের ধাক্কা খেতে হবে। যাঁদের ডিমোশন করবে, তাঁদের প্রোমোশন দেব'।