• ‘যাঁর ডিমোশন করবে, তাঁকে প্রোমোশন দেবো’, সাসপেন্ডেড AERO-দের পাশে মমতা
    এই সময় | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  • SIR-এ অনিয়মের অভিযোগে সাত AERO-কে চাকরি থেকে সাসপেন্ড করেছে দেশের নির্বাচন কমিশন (Election Commission of India)। এ নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তোপের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। ‘তুঘলকি কমিশন, সো কল্ড টর্চার কমিশন’ রাজ্যে ‘থ্রেট কালচার’ চালাচ্ছে, তোপ মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন , ‘AERO-দের যে সাসপেন্ড করলেন, কারণটা কী? চোর যদি চুরিও করে পুলিশ জানতে চায়, কেন চুরি করতে গিয়েছিলে। আপনারা যে AERO-দের সাসপেন্ড করলেন, তাঁদের কাছে একবারও জানতে চাওয়া হয়েছে অপরাধটা কী, দোষ কী? আমি অনেক নির্বাচন কমিশন দেখেছি। এ রকম তুঘলকি কমিশন দেখিনি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এই কমিশন চালাচ্ছে। তুঘলকি কমিশন গত ৩-৪ মাস ধরে রাজ্যের সব পাওয়ার সিজ় করে তুঘলকি কায়দায় দিল্লির জমিদারদের কথায় চলছে। ভাবছে চেয়ারটা বোধহয় পার্মানেন্ট চেয়ার। অফিসারদের উপর, সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে।’

    মমতা বলেন, ‘যদি কেউ অন্যায় করে থাকে, রাজ্যকে জানাতে পারত। আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, ইলেকশন কমিশন বলেছে বলে। সব ক্ষেত্র দেখে নিতে হবে। তবে তাঁদের ডিফেন্ড করার কোনও সুযোগ দেওয়া হয়নি। সাসপেন্ড উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন তাঁরা। আমি দু’ একজনকে চিনি, যাঁরা দিনরাত খেটেছেন, পরিশ্রম করেছেন। তাঁদের বলতে পর্যন্ত দেওয়া হয়নি। ইনভেস্টিগেশন হবে। তাঁরা ইলেক্টোরাল রোল ছাড়া অন্য কাজ করবেন। ভালো কাজই জেলায় করবেন। চাকরিচ্যুত হচ্ছেন না কেউ। যাঁর ডিমোশন করবে, তাঁকে প্রোমোশন দেবো।’

    একই সঙ্গে মুখ্যমন্ত্রী কমিশনকে ‘হিটলারি কালচার’-এর বাহক বলে তোপ দেগে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, বিহারে যে নথি গ্রাহ্য করা হয়েছে, তা বাংলায় গ্রাহ্য হচ্ছে না। একই সঙ্গে তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারি শুনানি প্রক্রিয়া শেষের আগেই লগ-ইন বন্ধ করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগও তোলেন কমিশনের বিরুদ্ধে। যে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে, সেখানে অনেক বৈধ ভোটার আছে, সে দাবিও করেন তিনি।

    মমতা বলেন, ‘বিহারে SIR করতে গিয়ে যে ডকুমেন্টগুলো মান্যতা পেল, বাংলায় কেন হবে না? ‘ফ্যামিলি রেজিস্ট্রার প্রিপেয়ার বাই স্টেট অর লোকাল অথরিটি’, বিহারে এটা অ্যালাও। বাংলায় নয় কেন? আর ১৪ তারিখ বেলা ৩টের নাগাদ লগ-ইন বন্ধ করে দিলেন কেন? সেখানে লক্ষাধিক মানুষের নাম ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ ওরা অমান্য করেছে। কত বড় সাহস ভাবুন। পুরো থ্রেট কালচার চলছে।’

    একই সঙ্গে মমতা জানান, AI-কে কাজে লাগিয়ে ‘এক বিজেপি কন্যা’ আইটি সেলের মাধ্যমে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছেন। এতে বহু বৈধ ভোটারের নামও বাদ গিয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। মমতার কথায়, ‘ফাইনাল লিস্ট খুলে দেখবেন অনেকেরই নাম নেই। এটা পুরো দু’নম্বরি চলছে। জোচ্চুরি খেলার চচ্চড়ি চলছে বাংলায়।’

    মমতার হুঙ্কার, ২০২৬-এর পরে এই কেন্দ্রীয় সরকার থাকবে না। ‘অনেক ঘটনা ঘটে গিয়েছে, আমরা মুখ খুলিনি’ বলেন মমতা। BLO থেকে DM, ADM, SP সকলে জান প্রাণ দিয়ে কাজ করছেন, সে কথাও বলেন মুখ্যমন্ত্রী। কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে অফিসারদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বলেন, ‘AERO, DM, ADM, BDO, পুলিশকে ভয় দেখাচ্ছেন, তাদের বলব, সকলে আইন মেনে চলুন। নির্বাচন কমিশনের রুল বুক আছে, তা মেনে চলতে হবে। আপনারা নাম ডিলিশন করছেন, আপনাদের হিস্ট্রি, জিওগ্রাফিও আমাদের কাছে আছে। আপনারা ৪২০ হলে, আমরা ৪৪০ ভোল্ট।’

    কমিশনের পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা। ‘ভোটের আগে ভোটবাবুরা আসেন। কত বাইক কিনে এনেছে। বেটি বাঁচাওয়ের টাকা প্রচারে চলে গিয়েছে। ভোটের সময়ে বিহারে দিল ১০ হাজার, তার পরেই বুলডোজ়ার। ডবল ইঞ্জিন সরকারের সব রাজ্যেই এক ছবি’, বলেন তিনি।

  • Link to this news (এই সময়)