• রাজ্যে পিছোতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন!
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের ২৭ অক্টোবর বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরু করে ভারতের নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম বিলি হওয়ার কাজ শুরু হয় ৪ নভেম্বর থেকে। এরপর শুনানি পর্ব শেষ হয়ে এসআইআর প্রক্রিয়া প্রায় অন্তিম পর্বে এসে পৌঁছেছে। এর পরেই পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে আবারও সংশয়ে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক দপ্তর সূত্রে খবর, সার্ভার ডাউন হওয়ার কারণে তথ্য এবং নথি আপলোড করতে গিয়ে নানাবিধ বাধার সম্মুখীন হতে হচ্ছে কমিশনের নিযুক্ত কর্মীদের। এর ফলে কাজ শেষ করতে যথেষ্ট বিলম্ব হচ্ছে। কমিশন সূত্রে খবর এই কারণেই আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। 

    এরই মধ্যে নানারকম চাপানউতোর এবং জেলাগুলিতে ইআরও, এইআরও ও বিএলও-দের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। নির্বাচন কমিশন আইনি পদক্ষেপও পর্যন্ত নিয়েছেন। রাজ্যকে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে নোটিশ জারি করে নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত অভিযুক্ত আধিকারিকদের সাসপেন্ড ও আইনানুসারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। অবশেষে সেই নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার সোমবার রাতে ৫ জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করেছে। যাঁদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাঁরা বারুইপুর পূর্ব এবং ময়নার আধিকারিক। এদের মধ্যে রয়েছে দু’জন ইআরও, দুইজন এইআরও এবং অপরজন বসিরহাট-২-এর বিডিও সুমিত্র প্রতিম প্রধান। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ, তিনি নিয়মবহির্ভূত কাজ করেছেন। তাঁর ইচ্ছে মতো বেআইনিভাবে ১১ জন ব্যক্তিকে নিয়োগ করে এসআইআর প্রক্রিয়ার কাজ করেছেন। অন্যদিকে, নিয়ম বহির্ভূত কাজের অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর উত্তর ২৪ পরগনার তিন জন মাইক্রো অবজারভারের বিরুদ্ধেও সাসপেনশন অর্ডার জারি করেছে বলে জানা গিয়েছে।

    উল্লেখযোগ্য বিষয়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর জানিয়েছে এখনও পর্যন্ত শুনানি পর্বের শেষে ঝাড়াই-বাছাই পর্বে অযোগ্য হিসেবে দু’লক্ষ ৪৩ হাজার ৯৪০ জনের নাম বাদ গিয়েছে। তবে চূড়ান্ত তালিকায় কত নাম বাদ যাবে তা নিয়ে কিছু এখনও পর্যন্ত জানায়নি নির্বাচন কমিশন।

    পশ্চিমবঙ্গের এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এর আগে এসআইআরের প্রথম পর্বে ফর্ম জমা না পড়ায় মৃত এবং স্থানান্তরিত মিলিয়ে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তালিকায়। শুনানিতে এখনও পর্যন্ত অনুপস্থিত ৬ লক্ষ ২৫ হাজার। যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়বে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও এখনও পর্যন্ত যাচাই করা হয়েছে ১ কোটি ২৩ লক্ষের মধ্যে ভোটারের নাম। এদের মধ্যে বাদ বাদ পড়েছে ১ লক্ষ ৪০ হাজার ভোটারদের নাম। অর্থাৎ পূর্বে খসরা তালিকা থেকে যে ৫৮ লক্ষ ভোটারদের নাম বাদ পড়েছিল তারপরেও এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আরও ৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।
  • Link to this news (আজকাল)