• মার্চের প্রথম সপ্তাহেই অন্তত ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! অশান্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • সুগত বন্দ্যোপাধ্যায়

    স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (সার) শুনানি ঘিরে রাজ্যে একের পর এক অশান্তির জেরে নির্বাচন কমিশন (Election Commission) এ বার বাংলার ভোট নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চায়।

    চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে ধরে নিয়ে কমিশন ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী ( central force india) নামানোর প্রস্তাব বিবেচনা করছে। বিশেষ পর্যবেক্ষক হিসেবে সদ্য নিযুক্ত অবসরপ্রাপ্ত আইপিএস এনকে মিশ্রের কাছে থেকে এই ব্যাপারে রিপোর্ট চাওয়া হয়েছে।

    ভোটের বেশ খানিকটা আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারির মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে মার্চের প্রথম সপ্তাহেই অন্তত ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামাতে চায় তারা, এমনটাই সূত্রের দাবি।

    রাজ্যে ‘সার’–এর চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বলে কমিশন ঘোষণা করেছে। কিন্তু শুনানির নথি যাচাই করার কাজ যে ভাবে এগোচ্ছে, তাতে ওই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়া নিয়ে সন্দিহান খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই কমিশন ভোট ঘোষণা করার পথে এগোতে চায়।

    সেই মতো মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিধানসভা ভোট ঘোষিত হতে পারে। তাই এ বার কিছুটা আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। কারণ ‘সার’ শুনানি চলাকালীন আইন–শৃঙ্খলা পরিস্থিতি যে ভাবে রাজ্যের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তা সুপ্রিম কোর্টের নজরেও আনা হয়েছে।

    সতর্কতা সত্ত্বেও রাজ্য পুলিশ সে ভাবে সক্রিয় না হওয়ায় রাজ্য পুলিশের ডিজিপিকে শীর্ষ আদালতের শো–কজ়ের মুখে পড়তে হয়েছে। কমিশন সূত্রের খবর, রাজ্যে ২০২১–এর বিধানসভা এবং ২০২৪–এর লোকসভা ভোটের তুলনায় এ বারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়তে পারে।

  • Link to this news (এই সময়)