• বাংলার মানুষের ভোটাধিকার খর্বের অভিযোগে সরব মহুয়া
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বাংলার মানুষের ভোটাধিকার খর্ব করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার কৃষ্ণনগরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। পরে বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়োও আপলোড করেন।

    সাংসদ বলেন, বিজেপির কথামতো নির্বাচন কমিশন বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কীভাবে বাংলার মানুষের ভোটাধিকার খর্ব করা যায়, সেই চেষ্টা চলছে। তাঁর দাবি, গত ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, এসআইআরে যে নথিগুলি চাওয়া হয়েছে সেগুলি বৈধ এবং ভোটাররা যেকোনো বৈধ নথি জমা দিতে পারেন।

    সাংসদ আরও বলেন, গত বছরের ২৭ অক্টোবর বাংলায় এসআইআর চালু হওয়ার সময় নির্দেশিকায় সরকার প্রদত্ত জমি ও হাউস অ্যালটমেন্ট শংসাপত্র বৈধ নথি হিসেবে উল্লেখ করা হয়েছিল। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক অনুমোদনের চিঠিও বৈধ নথি। তাঁর অভিযোগ, শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন এখন ওই নথিগুলির বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে।

    এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস ২০ ফেব্রুয়ারি আদালতের দ্বারস্থ হবেন বলে জানান সাংসদ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন, কারো নাম অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে কাটতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টার অভিযোগ এনেছেন।
    আজ, মঙ্গলবার নবদ্বীপে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংসদ বলেন, আমি ওঁকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী শুধু ভোটের সময় আসেন। সারাবছর ওঁরা এলে‌ আমরা বেশি খুশি হব। এরপর এলে শুধু মায়াপুর যাবেন না। আমাদের এখানে যত মন্দির আছে সবর্ত্র যাওয়া উচিত ওঁদের। কিন্তু তারপরেও ওঁরা ভোটে জিততে পারবেন না।
  • Link to this news (বর্তমান)