• নয়াগ্রাম ও গোপীবল্লভপুর হাসপাতালে চালু হল সান্ধ্য আউটডোর, খুশি রোগীরা
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের নয়াগ্ৰাম ও গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সান্ধ্যকালীন আউটডোর চালু হয়েছে। সপ্তাহে পর্যায় ক্রমে মেডিসিন, শিশু, প্রসূতি, চক্ষু, চর্মরোগের চিকিৎসার পরিষেবা মিলবে। জেলার বাসিন্দারা এবার দু’বেলা হাসপাতালের আউটডোরে চিকিৎসা পরিষেবা পাবেন।

    দেড় দশক আগেও ঝাড়গ্রামে চিকিৎসা পরিষেবার হাল বেহাল ছিল। গ্ৰামীণ স্বাস্থ্যকেন্দ্রে ন্যূনতম চিকিৎসা পরিষেবাও মিলত না। চিকিৎসার জন্য পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এমনকি পাশের রাজ্য ওড়িশায় যেতেন। ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। জেলার চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালে ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালকে জেলা হাসপাতাল করা হয়। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ২০১৬ সালে চালু হয়। কিছুদিনের মধ্যেই সুপার স্পেশালিটি হাসপাতালকে জেলা হাসপাতালের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এর পাশাপাশি গোপীবল্লভপুর ও নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালও চালু করা হয়। গোপীবল্লভপুর ও নয়াগ্ৰাম এলাকার বাসিন্দারা পশ্চিম মেদিনীপুর ও ওড়িশায় যেতেন। সুপার স্পেশালিটি হওয়ায় ব্লকেই আধুনিক মানের চিকিৎসা পরিষেবা মিলছে। বিনপুর-২ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহখানেক আগে সিজার পরিষেবা শুরু হয়েছে। এবার সান্ধ্যকালীন আউটডোরে চিকিৎসা পরিষেবা মিলবে। নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে সন্ধ্যাকালীন আউটডোরে সপ্তাহে তিনদিন মেডিসিন, গাইনি, দন্ত এবং চর্ম রোগের ক্ষেত্রে দু’দিন ধার্য করা হয়েছে। নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার দেবাশিস মাহাত বলেন, সোমবার থেকে পরিষেবা চালু হয়েছে। গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বিদ্যুৎ পাতর বলেন, মেডিসিন , সার্জারি, প্রসূতির মতো চিকিৎসা পরিষেবা সপ্তাহে এক একটি দিনে পাওয়া যাবে। আউটডোরে দিনের বেলায় যেভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় সন্ধ্যার ক্ষেত্রে তা হবে না। তবে প্রত্যন্ত এলাকার মানুষ এই উদ্যোগে উপকৃত হবেন। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সুপার অনুরূপ পাখিরা বলেন, এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সান্ধ্যকালীন আউটডোর কবে থেকে চালু হবে তা এখনও ঠিক হয়নি।

    গোপীবল্লভপুর-১ ব্লকের আলমপুর গ্ৰামের বাসিন্দা দীনেশচন্দ্র মাহাত বলেন, চিকিৎসার জন্য আগে পশ্চিম মেদিনীপুর ও ওড়িশার বারিপদায় যেতে হত। সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ায়, অস্ত্রোপচার হচ্ছে। ব্লক স্বাস্থ্য কেন্দ্রেও ভাল চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে। এলাকার বেশিরভাগ মানুষ চাষবাস ও দিনমজুরের কাজ করে। সান্ধ্যকালীন আউটডোর চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা খুবই উপকৃত হবেন। গোপীবল্লভপুর-১ ব্লকে কেউ অসুস্থ হলে খাল পেরিয়ে চিকিৎসা কেন্দ্রে যাওয়া কষ্টকর ছিল। দেড় দশকে ব্লকের সাসরা, আমরদা, কেন্দুবাড়ি, আলমপুর ,সাজিয়া, সাতমা তেঁতুলিয়া এলাকায় খালের উপর সেতু তৈরি হয়েছে। এলাকার মানুষ দ্রুত হাসপাতালে আসতে পারছে। গ্ৰামীণ এলাকার মানুষ এবার সন্ধ্যাবেলায় চিকিৎসা পরিষেবা পাবেন।

    গোপীবল্লভপুরের বিজেপি নেতা শুকলাল মারাণ্ডি বলেন, এতদিন করা হয়নি। নির্বাচনের কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করা হয়েছে। লোককে বোকা বানানো হচ্ছে। নয়াগ্ৰাম ব্লকের খড়িকামাথানি এলাকার সুরজিৎ নায়েক বলেন, ব্লকের বাসিন্দাদের আগে চিকিৎসার জন্য ওড়িশার বারিপদায় যেতে হত। সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ায় সব ধরনের চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রগুলি প্রত্যন্ত এলাকায় গিয়ে শিবির করছে। সান্ধ্যকালীন আউটডোর চালু হওয়ায় এই এলাকার মানুষ খুবই উপকৃত হবে।
  • Link to this news (বর্তমান)