• হুমায়ুনের প্রসঙ্গ টেনে সেলিমকে নিশানা প্রতীক উরের?
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দলত্যাগের পর, মানভঞ্জন পর্ব চলছিল। অনেকেই আশা করেছিলেন, মিটলেও, মিটে যেতে পারে। তবে সোমবার থেকে যে জল্পনা তুঙ্গে, সেই জল্পনা বাড়িয়ে দিলেন খোদ প্রতীক উর। বুধবার রাতে। গলায় অভিমান যেন আরও খানিক বেশি। প্রশ্ন একাধিক। সঙ্গেই যেন সাফ বার্তা, আর বসবেন না দলের সঙ্গে। তবে সএসবের বাইরে যে প্রশ্ন প্রতীক উর তুললেন, তাও বাম রাজনীতিতে প্রশ্ন চিহ্ন তোলার মতো অবশ্যই। 

    সোমবার সামনে এসেছে প্রতীক উরের পদত্যাগ পত্র। বন্ধু শুভাকাঙ্খীরা অনেকেই প্রশ্ন করেছিলেন, ওই পত্র প্রতীক উরের কিনা। যদিও প্রতীক উর একবারের জন্য অস্বীকার করেননি। উলটে মঙ্গলবার তিনি সাফ জানিয়েছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিমান বসুর মাধ্যমে। সঙ্গে তিনি জানিয়েছিলেন , দলের কাছ থেকে কোনওরকম গোপনীয়তার গ্যারান্টি পাচ্ছেন না। ভরসা পাচ্ছেন না, চার দেওয়ালের কথা যে বাইরে লিক হয়ে যাবে না পদত্যাগ পত্রের মতোই, তা নিয়ে। 

    অন্যদিকে শুরু হয়েছে সিপিএমএর রাজ্য কমিটির বৈঠক। সেই বৈঠকে গরহাজির প্রতীক উর। সূত্রের খবর, দলীয় নেতৃত্ব তাঁকে আর বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না। আবার তাঁর প্রায় সমবয়সী, বন্ধু স্থানীয় সহযোদ্ধারা বলছেন, তাঁরা অপেক্ষা করছেন, আশা করছেন, যাতে প্রতীক উর থেকে যান দলে। প্রশ্ন উঠছে নানা মহলে, এখনও প্রতীক উরকে দল বহিষ্কার করল না কেন?

    তাহলে কী নেতা এবং নেতৃত্ব, জল মাপছে দু'পক্ষই? জবাবে আজকাল ডট ইন-কে প্রতীক উর সাফ জানান, 'প্রতীক উর জল মাপেনি। দল জল মাপছে।'  তবে এখানেই শেষ হয়, তার সঙ্গেই কটাক্ষ একপ্রকার। বলছেন, 'স্নায়ু যুদ্ধে আমাকে পারা  মুশকিল। দল যদি ভাবে আমার কোর্টে বল ঠেলবে, আমি সব বল ঠিক ওই কোর্টে ফেরত পাঠাবোই।'

    সঙ্গেই ঝাঁঝাল প্রশ্ন, 'প্রতীক উর মুখিয়ে বসেছিল, দলের সম্পাদক ডাকলে যাবেন, কিন্তু দলের সম্পাদক ডাকতে পারলেন না। আমার প্রশ্ন, হুমায়ুন কবীরের সঙ্গে বসতে পারেন, প্রতীক উর রহমানের সঙ্গে বসতে সমস্যা কোথায়?' 

    এই প্রসঙ্গে উল্লেখ্য, কলকাতার নিউ টাউনের একটি হোটেলে ঘণ্টাখানেকের বৈঠকের বিষয়টি। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং তৃণমূল ভেঙে জনতা উন্নয়ন পার্টি তৈরি করা হুমায়ুন কবীরের বৈঠক। বাংলার রাজনীতিতে এই বৈঠক, নীতি, নৈতিকতা, সমীকরণ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সোমবার প্রতীক উর দল ছাড়ার পর, ফের চর্চায় আসে ওই বৈঠক। চর্চা শুরু হয় জোট নিয়েও। যদিও সোমবারেই হুমায়ুন সাফ জানিয়ে দেন, সিপিএম-এর আস্ফালন তিনি মেনে নেবেন না কোনও ভাবেই। সেখানেই বড় বার্তা জোট নিয়ে। কাদের সঙ্গে জোট, কত আসলে কোন দলের লড়াই, সেসব জানিয়ে দেন হুমায়ুন কবীর। তবে, তাঁর সঙ্গে বৈঠকের রেশ এখনও রয়ে গিয়েছে দলের অন্দরে, প্রতীক উরের জবাব যেন তারই একটি প্রমাণ। 

     
  • Link to this news (আজকাল)