• ব্যবসায়ীকে মার, তৃণমূল নেতাকে নোটিস
    এই সময় | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, বরাহনগর: এক ব্যবসায়ীকে ফ্ল্যাট থেকে তুলে এনে মারধর কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের শ্রমিক নেতা (Tmc Labour Leader) শঙ্কর রাউতের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার (Arrest) করেছে বরাহনগর থানার পুলিশ। কিন্তু এখনও অধরা মূল অভিযুক্ত অর্পণ দত্ত। ফ্ল্যাট থেকে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে তুলে নেওয়ার অভিযোগ শঙ্কর রাউতের বিরুদ্ধে থাকলেও, তাঁর বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেবে কিনা, তা নিয়ে চর্চা চলছিল বরাহনগরে। এই পরিস্থিতিতে তৃণমূল শ্রমিক নেতা শঙ্কর রাউতকে থানার তলবের নোটিস (Notice) ঘিরে চাঞ্চল্য ছড়াল বুধবার। যদিও তৃণমূল নেতার দাবি, তিনি কোনও নোটিস পাননি। ইমেলে কোনও নোটিস এসে থাকলে, তিনি মেল চেক করেননি। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (দক্ষিণ) অনুপম সিং বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। আইন মেনে শঙ্কর রাউতকে নোটিস পাঠানো হয়েছে।’

    বরাহনগর থানার বনহুগলির বাসিন্দা সুদীপ্ত ঘোষ পেশায় ব্যবসায়ী। বারাসতের একটি ফ্ল্যাটে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেছিলেন তিনি। অধিকাংশ কাজ শেষ হওয়ার পরেও ফ্ল্যাট মালিকের কাছ থেকে টাকা পাননি বলে দাবি সুদীপ্তর। বকেয়া টাকা নিয়ে ওই ফ্ল্যাট মালিকের সঙ্গে সুদীপ্তর একপ্রস্থ ঝামেলাও হয়েছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, এই গণ্ডগোলে ঢুকে পড়েন বরাহনগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত। সুদীপ্তর অভিযোগ, গত শনিবার শঙ্কর নিজের ঘনিষ্ঠ চারজনকে তাঁর বরাহনগরের ফ্ল্যাটে পাঠিয়েছিল। ফ্ল্যাটে ঢুকে তারা শঙ্করের নির্দেশ ফোনের লাউড স্পিকারে (Loud Speaker) ব্যবসায়ীকে শুনিয়েছিল। কিন্তু সুদীপ্ত তাঁর নির্দেশে ক্লাবে যেতে রাজি হননি।অভিযোগ, এর পরেই শঙ্করের ঘনিষ্ঠরা তাঁকে মারধর করে জোর করে ক্লাবে নিয়ে যায়।

    তাঁকে মারধর করে এক লক্ষ টাকা তোলা চাওয়া হয় বলেই অভিযোগ উঠেছে শঙ্কর রাউতের বিরুদ্ধে। মারধরের সেই ছবি ভাইরাল হতেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে। আক্রান্ত ব্যবসায়ী শঙ্কর–সহ পাঁচজনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাহুল যাদব ওরফে বগা, আয়ুষ কুন্ডু ওরফে গোপাল ও অরিত্র দাস ওরফে দীপকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু শঙ্কর ঘনিষ্ঠ মূল অভিযুক্ত অর্পণ দত্ত এখনও অধরা। অর্পণ বরাহনগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। এই পরিস্থিতিতে বরাহনগর থানার পক্ষ থেকে তৃণমূল নেতা শঙ্কর রাউতকে তলবের নোটিস দেওয়া নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)