শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’ নিয়ে কালোবাজারির বিস্ফোরক অভিযোগ। পাঁচগুণ দামে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। তার জেরে কড়া বিজ্ঞপ্তি জারি করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের সতর্কও করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
শান্তিনিকেতনে যে ‘হেরিটেজ ওয়াক’ হয়ে থাকে সেটি ইউনেস্কো স্বীকৃত। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ, ওই ওয়াক-এর টিকিটের দাম ৩০০ টাকা। কিন্তু সেটা কালোবাজারি করে ২০০০ টাকা পর্যন্ত দাম উঠছে। এই বিষয়ে ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষের বার্তা, ‘রবীন্দ্রভবন সংগ্রহশালার কাউন্টার ছাড়া টিকিট পাওয়ার অন্য কোনও পথ নেই। কোনও ব্যক্তি বা সংস্থা টিকিট বিক্রির সঙ্গে যুক্ত নয়।’ কাউন্টারের বাইরে থেকে টিকিট কাটলে, সেটা যত দাম দিয়েই কেউ কাটুক না কেন, তার কোনও দায় বিশ্বভারতী কর্তৃপক্ষ নেবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
অনলাইন হলে এমন কালোবাজারির সমস্যা এড়ানো যেতে পারে কি? বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। টিকিট সংক্রান্ত বিষয়ে যাতে সম্পূর্ণ স্বচ্ছতা থাকে তার জন্য পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে তারা। কয়েক মাসের মধ্যে অনলাইনে ‘হেরিটেজ ওয়াক’-এর টিকিট কেনার সুযোগ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছিল। তারপরেই পর্যটকদের ঢল আরও বেড়েছে। এখন পর্যটকরা নির্দিষ্ট সময়ে আশ্রম এলাকা ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন।