মুর্শিদাবাদে বাম রাজনীতি থেকে 'সন্ন্যাস' দুই নেতার
আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পদ থেকে যুব নেতা প্রতীক উর রহমানের পদত্যাগের চিঠিকে ঘিরে যখন রাজ্য রাজনীতি উত্তাল ঠিক সেই সময় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বৃহস্পতিবার বাম রাজনীতি থেকে 'সন্ন্যাস' নিলেন মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ এরিয়া কমিটির অন্যতম সদস্য তোফিজুল ইসলাম।
আপাতত রাজনীতি থেকে সন্ন্যাস নিলেও ভবিষ্যতে মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন তোফিজুল। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএমের ঔরাঙ্গবাদ এরিয়া কমিটির সদস্য তোফিজুল ইসলাম বলেন," দীর্ঘদিন ধরেই আমি সিপিআইএম দলের সঙ্গে যুক্ত। বংশ পরম্পরায় আমরা বাম রাজনীতি করি। এই দলের হয়ে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। খুব কষ্টের সঙ্গে আজকের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।" দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তোফিজুল বলেন ,"দলকে শক্তিশালী করার কোনও মানসিকতা বর্তমান নেতৃত্বের নেই। মুখে বড় বড় কথা বললেও কোনও কর্মকান্ড তাঁরা করেন না। কিছু লোক দলের দায়িত্ব নিয়ে বসে আছেন। এর ফলে দল সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইভাবে দলকে ক্ষতিগ্রস্ত হতে দেখে আর আমি দলে থাকতে চাইনা। তাই ঔরঙ্গাবাদ এরিয়া কমিটির সদস্য পদ থেকে আজ থেকেই আমি অব্যাহতি নিলাম ।আজ থেকে সিপিআইএমের ইউনিট কমিটিরও নেতৃত্ব দেব না।"
ভবিষ্যতে অন্য কোনও রাজনৈতিক দলে যেতে চান কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তোফিজুল বলেন,"লাল ঝাণ্ডা আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছে। সিপিআইএমের সঙ্গে যুক্ত না থেকেও আমি সাধারণ মানুষের জন্য কাজ করব। নীতি ও আদর্শকে পাথেয় করে চলতে হলে সিপিআইএমের সঙ্গেই থাকতে হবে এর কোনও মানে নেই। সিপিআইএমের সঙ্গ ত্যাগ করার পর কোথায় যাব পরে সেই সিদ্ধান্ত নেব। তবে আপাতত আর রাজনীতি করার ইচ্ছা নেই। বুকে পাথর নিয়ে বেশিদিন রাজনীতি করা যায় না। আজ থেকেই আমি রাজনৈতিক সন্ন্যাস নিলাম।" দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন," স্থানীয় এরিয়া কমিটির সম্পাদক গণসংগঠন ও দলীয় কাজের মধ্যে কোনও পার্থক্য বোঝেন না। বহুবার দলীয় অনিয়মের কথা দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। কিন্তু তাঁরা কোনও ব্যবস্থাই নেননি। দল যেভাবে বিলীন হয়ে যাচ্ছে তা দর্শক হিসেবে দেখতে পারছি না। তাই রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম।" অন্যদিকে সিপিআইএমের জন্য আরও একটি ধাক্কা এসেছে মুর্শিদাবাদের ফরাক্কা বিধানসভা কেন্দ্র থেকে। ওই কেন্দ্রের চারবারের বাম বিধায়ক এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের দু'বারের সাংসদ আবুল হাসনাত খানের পুত্র রকি খান দলের সদস্য পদ নবীকরণ করেননি বলে জানা গিয়েছে।
এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে ডিওয়াইএফআই -এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর প্রাক্তন সদস্য রকি খান বলেন,"দলীয় সদস্যপদ 'রিনিউ' করা চলছে। কিন্তু দল যেভাবে চলছে তাতে আমি খুশি নেই। আমি ফরাক্কা (দক্ষিণ) এরিয়া কমিটির সদস্য ছিলাম। দলীয় নেতৃত্বের সঙ্গে দ্বিমতের কারণে গত ডিসেম্বর মাসেই আমি নেতৃত্বকে চিঠি দিয়ে আমি বাম রাজনীতি থেকে সরে আসার কথা জানিয়েছি। দলীয় সদস্যপদ পুনর্নবীকরণের কোনও ইচ্ছা আমার নেই।" সূত্রের খবর খুব শীঘ্রই রকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। গোটা বিষয়টি নিয়ে সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে ফোনে তিনি জানান,"রকি খান জেলা নেতৃত্বকে কোনও চিঠি দেননি। তোফিজুল ইসলাম সংবাদমাধ্যমে কী বলেছেন তা সম্পূর্ণ না দেখে আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না।"