• ফের কাশ্মীরের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ১
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • ফের কাশ্মীরের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা। জম্মু-কাশ্মীরের রাজৌরি (Rajouri) এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা বলে দাবি সেনাবাহিনীর। তবে সতর্কতা থাকার জেরে ওই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। অন্য দিকে, বৃহস্পতিবারই রাজৌরির নৌসেরা এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়েছে এক জনকে। ধৃতের সঙ্গে পাকিস্তানের জঙ্গিদের যোগ আছে বলে দাবি জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলিশ এবং সেনাবাহিনীর।

    সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার, রাজৌরির সুন্দরবেনি সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা হয়। তবে নিয়ন্ত্রণ রেখা ( Line of Control) বরাবর সুন্দরবানি সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

    সেনার মুখপাত্র এবং ভারতীয় সেনার হোয়াইট কর্পস জানিয়েছে, বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সুন্দরবেনির নাথুয়া টিব্বা এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল পাকিস্তানি জঙ্গিরা। নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়ার পরেই ওই এলাকায় অভিযান চালানো হয়। তখনও ওই অঞ্চলে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সেনাবাহিনীর (Indian Army) জওয়ানরা। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিরা গুলি চালালে তার জবাব দেন জওয়ানরা। তার ফলেই পিছু হটে অনুপ্রবেশকারীরা। এর পরেই ওই এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালান পুলিশকর্মী এবং জওয়ানরা। তল্লাশি অভিযানে কাজে লাগানো হয় ড্রোনকেও।

    অন্য দিকে, নৌসেরা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জম্মু-কাশ্মীরের পুলিশ এবং সেনার সিআইএফ রোমিও (CIF Romeo) বাহিনী। হোয়াইট কর্পস জানিয়েছে, ধৃতের নাম শচিন ওরফে পাম্মা। ধৃত ব্যক্তি শেহর নৌসেরা এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে তুরস্ক এবং চিনে তৈরি দু’টি পিস্তল উদ্ধার হয়েছে। সেই সঙ্গে তার কাছ থেকে পাওয়া গিয়েছে গুলি এবং ম্যাগাজিন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির সঙ্গে পাকিস্তানের (Pakistan) জঙ্গি এবং পাচারকারীদের সরাসরি যোগাযোগ ছিল। পাম্মা সীমান্ত এলাকায় আন্তঃরাজ্য অস্ত্র চোরাচালান কারবারের সঙ্গেও যুক্ত। ওই অঞ্চলে কোথাও হামলা চালানোর বা নাশকতার পরিকল্পনা করা হয়েছিল কী না তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

    উল্লেখ্য, দিন কয়েক আগেই আন্তর্জাতিক সীমান্তে একাধিক বার পাকিস্তানের ড্রোন উড়তে দেখা গিয়েছে। ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পরে অভিযানও চালিয়েছে সেনা।

  • Link to this news (এই সময়)