• বিজেপি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ অনুষ্ঠান মঞ্চে, পাত্রসায়রে ভাঙচুর, রাজনৈতিক চাপানউতোর
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: পাত্রসায়রের নিমাইনগরে সাংস্কৃতিক মঞ্চের শিলান্যাস অনুষ্ঠান সেরে ফিরে যেতেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভের আঁচ অনুষ্ঠান মঞ্চের উপর পড়ল। মঞ্চে থাকা চেয়ার, টেবিল, মাইক, যথেচ্ছভাবে ভাঙচুর করা হয়। এমনকি, সেখানে থাকা টোটো এবং অনুষ্ঠানে বাজানো বাদ্যযন্ত্রগুলিকেও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। তৃণমূলের দাবি, ওই ঘটনায় দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

    বিধায়ক বলেন, বিধানসভা এলাকার নিমাইনগর গ্রামের মানুষ আমার কাছে একটি সাংস্কৃতিক মঞ্চের জন্য আবেদন জানিয়েছিল। আমি বিধায়ক তহবিল থেকে তা মঞ্জুর করেছি। এতে বাসিন্দারা ভীষণ খুশি হয়েছেন। তাঁরা এদিন শিলান্যাস অনুষ্ঠানে আমাকে ডেকেছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা সেখানে হামলা চালায়। আমাদের এক কর্মীকে মারধর করা হয়। এলাকায় গত ১৫ বছরে কোনো উন্নয়ন হয়নি। এখন আমার বিধায়ক তহবিলের টাকায় উন্নয়ন হচ্ছে দেখে তৃণমূল কর্মীদের তা সহ্য হয়নি। সেই আক্রোশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অনুষ্ঠান মঞ্চে ভাঙচুর চালিয়েছে।

    তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন, গত সাড়ে চারবছরে এলাকার মানুষ বিজেপি বিধায়কের দেখা পায়নি। এখন নির্বাচনের মুখে তিনি কোথাও সোলার লাইট নিয়ে আবার কোথাও সাংস্কৃতিক মঞ্চের নামে গ্রামের যুবকদের বোকা বানাতে এসেছেন। শুধু সোলার লাইট বসানোর জন্য মানুষ বিধায়ককে ভোট দেননি। যে বুথে ঘটনাটি ঘটেছে, ওই বুথে আমরা পিছিয়ে আছি। তা সত্ত্বেও সরকার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে ১০লক্ষ টাকা দিয়েছে। সেই সঙ্গে পথশ্রীতে রাস্তার কাজ চলছে। সেখানে গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে পাত্রসায়রের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের নিমাইনগর গ্রামে একটি সাংস্কৃতিক মঞ্চের জন্য সোনামুখীর বিজেপি বিধায়ক তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা বরাদ্দ করেন। তার শিলান্যাস অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার সকালে গ্রামের ফুটবল মাঠে মঞ্চ বাঁধা হয়। বিধায়ক সেখানে উপস্থিত থেকে বাদ্য বাজনা সহযোগে নারকেল ফাটিয়ে ঘটা করে শিলান্যাসও করেন।

    কিন্তু, তিনি ঘটনাস্থল ছাড়তেই একদল যুবক লাঠিসোঁটা এনে অনুষ্ঠান মঞ্চের কাছে চড়াও হয়। সেখানে থাকা লোকজনকে মারধরের পাশাপাশি মঞ্চে যথেচ্ছভাবে ভাঙচুর চালানো হয়। চেয়ার, টেবিল, মাইক, টোটো, বাদ্যযন্ত্র ভেঙে দেওয়া হয়। কিছুক্ষণ পরেই তারা পালিয়ে যায়। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)