• ভাবতায় অসমাপ্ত রেল ওভারব্রিজের কাজ ফের শুরুতে খুশি এলাকাবাসী, উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের উন্নতি হবে
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বহরমপুর: বেলডাঙা-১ ব্লকের ভাবতায় রেল ওভারব্রিজের কাজ ফের শুরু হয়েছে। ১২নম্বর জাতীয় সড়কের উপর এই আরওবি ছ’বছরের বেশি সময় ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে ছিল। এনিয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছিল। সম্প্রতি ফের তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বেলডাঙাবাসী। এই আরওবির কাজ সম্পন্ন হলে লেভেল ক্রসিং বন্ধ থাকার কারণে যানজট থেকে রেহাই মিলবে। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

    রেল সূত্রে জানা গিয়েছে, আরওবির নির্মাণ পরিকল্পনার ত্রুটি ধরা পড়ায় কিছুদিন কাজ বন্ধ ছিল। সেই ত্রুটি সংশোধন করে ফের পুরোদমে কাজ শুরু হয়েছে। ২০২৭ সালের মধ্যেই এই আরওবি চালু হয়ে যাবে বলে রেলের আধিকারিকরা আশাবাদী।

    ভাবতায় ১২নম্বর জাতীয় সড়কের উপর একটি লেভেল ক্রসিং রয়েছে। রোজ এই রেলগেট পেরিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে প্রচুর গাড়ি চলাচল করে। বহরমপুর শহরের পঞ্চাননতলার তুলনায় ভাবতার এই রেলগেটে গাড়ির চাপ কয়েকগুণ বেশি থাকে। কারণ, বহু বাস ও লরি বহরমপুর শহরকে বাইপাস করে ভাগীরথীর উপর তৈরি নতুন ফোর লেনের সেতু দিয়ে সারগাছিতে আসে। সেই সমস্ত গাড়িকে শিয়ালদহ-লালগোলা শাখার ভাবতা রেলগেট টপকাতে হয়। তাই রেলগেট পড়লেই জাতীয় সড়কের দু’পাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। এই শাখায় মালগাড়ি সহ ট্রেনের সংখ্যা বাড়ছে। তাই রেলগেট বন্ধে ভোগান্তি বেড়েই চলেছে। আরওবি নির্মাণ হলে এই সমস্যা থেকে রেহাই মিলবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াতের পথে ভাবতায় লেভেল ক্রসিংয়ের কারণে গাড়িচালকদের যানজটের মুখে পড়তে হবে না।

    ওই এলাকার বাসিন্দা রমজান মণ্ডল বলেন, জাতীয় সড়কের ওই সংকীর্ণ অংশ অনেকটা ইংরেজি ‘এস’ আকৃতির। প্রতিদিন বেশ কয়েকবার এখানে যানজট দেখা দেয়। এই রেলগেট একাধিক দুর্ঘটনারও সাক্ষী। অনেকদিন ধরে এই সমস্যা চলে এলেও আরওবির কাজ ফেলে রাখা হয়েছিল। অবশেষে সেই কাজ আবার শুরু হয়েছে। আশা করছি, তাড়াতাড়ি কাজ শেষ করা হবে।

    বেশ কয়েকবছর আগে জাতীয় সড়কের দক্ষিণপ্রান্তে রেল ওভারব্রিজের কাজ শুরু হয়েছিল। ওইদিকে আরওবির প্রায় ১৫০মিটার ঢালাইও হয়ে গিয়েছিল। তারপরই আচমকা কাজ বন্ধ হয়ে যায়। কাজ কেন বন্ধ হল-তা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছিলেন। বেশ কয়েকবার আরওবির দাবিতে আন্দোলনও হয়েছে। ঝুনকা এলাকার বাসিন্দা অনিমেষ দত্ত বলেন, আরওবির প্ল্যানে ভুল রয়েছে। সেকারণে কাজ বন্ধ রয়েছে বলে আমাদের জানানো হয়েছিল। কয়েকবছর একইভাবে পড়ে থাকায় আমরা আশঙ্কা করছিলাম, আর কাজ শুরু হবে না। কাজ শুরু হওয়ায় এখানে যানজট মেটার আশায় রয়েছি।

    ফের কাজ শুরু হওয়ায় বেলডাঙা, বহরমপুর, রেজিনগর ব্লক সহ নদীয়া জেলার মানুষও খুশি। এখন জোরকদমে কাজ চলছে। তবে আরওবির কাজের জেরে সাময়িকভাবে যানজট বেড়েছে। রেলগেটের উত্তরদিকে মাটি কাটা ও ভরাট, পিলার তৈরির কাজ চলছে। নির্মাণকাজ চলায় চার লেনের বদলে দু’টি লেন দিয়ে গাড়ি চলাচল করছে। সারগাছির বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ভাবতা রেলগেট আমাদের কাছে দুর্ভোগের অন্যতম কারণ। এখন একটু কষ্ট হলেও আশা করছি, আরওবি তৈরির পর আর যানজটে সমস্যা হবে না।
  • Link to this news (বর্তমান)