• বিজেপির প্রতিশ্রুতি যেন সোনার পাথর বাটি! সাড়ে ১৭ কোটিতে ৭৫০টি প্রকল্পই পঞ্চায়েত সমিতির
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, কেন্দ্রীয় বিদ্যালয়, নদী সংস্কার ইত্যাদি। পাঁচ বছর আগে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে এমন একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম শিবির। বিধানসভা নির্বাচনে তারা কেন্দ্রটি দখল করলেও প্রতিশ্রুতিগুলি পূরণ হয়নি। এবার বিধানসভা ভোটে এনিয়েই সরব জোড়াফুল শিবির। তাদের কটাক্ষ, বিজেপির প্রতিশ্রুতি যেন সোনার পাথার বাটি! সেই সঙ্গে তাদের দাবি, এই এলাকা সাজিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ ও রাজ্য সরকার। মাত্র চার মাসে মাটিগাড়া পঞ্চায়েত সমিতিই সাড়ে ১৭ কোটি টাকায় হাতে নিয়েছে ৭৫০টি প্রকল্প। পাল্টা উন্নয়নের মান নিয়ে প্রশ্ন তুলেছে পদ্ম শিবির। বিধানসভা ভোটের মুখে এনিয়ে জোড়াফুল ও পদ্মে রাজনৈতিক তরজা তুঙ্গে।

    দার্জিলিং জেলার বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে মাটিগাড়া-নকশালবাড়ি একটি। মাটিগাড়া ব্লকের পাঁচটি এবং নকশালবাড়ি ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েত নিয়ে বিধানসভা কেন্দ্রটি। এখানেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি উপনগরী গড়ে উঠেছে। এই কেন্দ্র এসসি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। রাজবংশীদের বসবাস এখানে বেশি। গত বিধানসভা নির্বাচনে কেন্দ্রটি দখল করে বিজেপি। সেবার তারা এখানে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল।

    স্থানীয়রা বলেন, কেন্দ্রীয় বিদ্যালয়, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, নদী সংস্কার সহ বেশকিছু উন্নয়নমূলক কাজ করার কথা ঘোষণা করেছিল বিজেপি। কোনো প্রকল্পই তারা করতে পারেনি। মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তৃণমূল কংগ্রেসের সুশান্ত ঘোষের তোপ, উন্নয়নের নিরিখে বিজেপি বিধায়ক কার্যত ফ্লপ। তাঁর প্রতিশ্রুতিগুলি ছিল অকল্পনীয়। যা সোনার পাথর বাটি!

    স্থানীয় বিধায়ক বিজেপির আনন্দময় বর্মন অবশ্য বলেন, বর্তমানে বাংলার সরকার পরিচালনা করছে তৃণমূল। তাই সেই প্রতিশ্রুতিগুলি পালন করতে পারিনি। বাংলায় আমাদের সরকার গঠন হলেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হবে। কেন্দ্রীয় সরকারের কাছে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে প্রস্তাব পাঠিয়েছি। ১০ নম্বর জাতীয় সড়ক, বালাসন সেতু, বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ কেন্দ্রীয় সরকারই করছে। কাজেই তৃণমূল নেতার ওসব কথা গুরুত্বহীন।

    ত্রিস্তর পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বলেন, এই বিধানসভা কেন্দ্রের দু’টি ব্লকে রাস্তা, সেতু, পথবাতি, পানীয় জল, নদী বাঁধ মেরামতি, স্কুল ভবন সংস্কার, উপনগরী গড়ার কাজ করেছে রাজ্য সরকার। শুধুমাত্র ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পের মাধ্যমে চার মাসে সাড়ে ১৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পঞ্চায়েত সমিতি। তাতে রাস্তা, নিকাশি নালা, পথবাতি, স্কুল ভবন সংস্কার প্রভৃতি সহ ৭৫০টি প্রকল্প রয়েছে। এখানে উন্নয়নের স্বাদ বদলে দিয়েছে রাজ্য সরকার। এরজেরেই এবার এখানকার মাটি থেকে উচ্ছেদ হবে পদ্মফুল।

    পাল্টা বিজেপি বিধায়কের বক্তব্য, উন্নয়নের নামে অনিয়ম হয়েছে। বর্তমান সরকার চাকরি দিতে ব্যর্থ। মহিলাদের নিরাপত্তা নেই। কাজেই এবার বিসর্জন হবে তৃণমূল সরকারের।
  • Link to this news (বর্তমান)