বর্ষা এলেই সমস্যা, ফ্লাড শেল্টার তৈরির দাবি কুলপি রামকিশোর পঞ্চায়েতের বাসিন্দাদের
বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: প্রতিবছরই প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়ে পড়ে কুলপির রামকিশোর গ্রাম পঞ্চায়েত এলাকা। সেসময় এলাকার বাসিন্দাদের অনেকটা দূরে গিয়ে একটি স্কুলে আশ্রয় নিতে হয়। কারণ এই এলাকায় কোনও ফ্লাড শেল্টার নেই। অথচ পঞ্চায়েতের ছ’টি বুথ নদী তীরবর্তী। ফলে প্রাকৃতিক দুর্যোগ হলেই এখানকার মানুষকে পড়তে হয় সমস্যার মধ্যে। এখানে একটি ফ্লাড শেল্টার তৈরির দাবি তুললেন গ্রামবাসীরা। এই পঞ্চায়েতের পাশ দিয়ে গিয়েছে হুগলি নদী। নদীর পাশেই রামকিশোর গ্রাম পঞ্চায়েতের হাঁড়া, বিষ্ণুরামপুর, রায়তলা ১ ও ২, চকরূপ ও মুকুন্দপুর বুথ। বহু সংখ্যক মানুষ বাস করে। বাসিন্দা প্রভাকর দাস বলেন, ‘নদীর পাশে বাড়ি। সারাক্ষণই আতঙ্ক। প্রতিবছরই দুর্যোগে দুর্ভোগ পোহাতে হয়। বড়ো দুর্যোগ হলেই বাড়ি ছেড়ে চলে যাওয়া নিয়ম। আশ্রয় নিতে হয় শিবিরে। কিন্তু গবাদি পশুদের নিয়ে যাওয়া যায় না। তারা বেঘোরে মরে। ফ্লাড শেল্টার তৈরি হলে একটু সুরাহা হয়।’ পঞ্চায়েতের প্রধান নাসরিন খাতুন মির বলেন, ‘বিপর্যয়ের সময় সত্যিই খুব সমস্যা। নদী সংলগ্ন ছ’টি বুথের বাসিন্দারা বেশি সমস্যার মধ্যে পড়েন। ফ্লাড শেল্টার তৈরির জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব রাখা হয়েছে।’