বার্ষিক উৎপাদন ও আয়ের রিপোর্ট জমা পড়েনি, খাবার প্রস্তুতকারী সংস্থাগুলিকে চিঠি ধরাচ্ছে খাদ্য সুরক্ষা বিভাগ
বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: খাবার প্রস্তুতকারী সংস্থাগুলির একাংশ তাদের বার্ষিক উৎপাদন ও আয়ের রিপোর্ট জমা দিচ্ছে না। এমনই অভিযোগ উঠে এসেছে। ২০২৪-’২৫ সালে এমন প্রায় ৪০টি সংস্থাকে চিঠি ধারাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার খাদ্যবিভাগ। নিয়ম অনুযায়ী, একটি অর্থবর্ষের মধ্যে এই তথ্য পোর্টালে আপলোড করতে হয়। তার উপর নির্ভর করে সংশ্লিষ্ট খাবার প্রস্তুতকারী সংস্থার লাইসেন্সের রিনিউয়াল। ওই তথ্য দেওয়ার জন্য গত বছর মে মাস পর্যন্ত বাড়তি সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওই সংস্থাগুলি এই কাজ করেনি বলে অভিযোগ। তারপরও কেটে গিয়েছে ন’মাস। রিপোর্ট না দেওয়ায় জরিমানা বাবদ ওইসব সংস্থার প্রায় পাঁচ লক্ষ টাকা বকেয়া হয়েছে। সেই টাকাও এখনও জমা পড়েনি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, জেলায় যাদের এই চিঠি পাঠানো হচ্ছে, তার মধ্যে ছোটো থেকে বড়ো সব রকম সংস্থা আছে। খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা বলছেন, উৎপাদন ও বিক্রি রিপোর্ট প্রকাশ করা বাধ্যতামূলক। সময়ের মধ্যে যারা দিচ্ছে না, তাদের জরিমানার পরিমাণ তত বাড়ছে। এই জরিমানার টাকা না মেটালে তাদের লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না। তবে যাদের চিঠি পাঠানো হয়েছে, তারা যদি দ্রুত জরিমানার টাকা না মেটায়, তাহলে তাদের কড়া পদক্ষেপের মুখে পড়তে হতে পারে। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, জরিমানার টাকা না দেওয়ায় যে সব সংস্থার লাইসেন্স বাতিল হয়েছে, তারা ফের নতুন নামে আবেদন করে লাইসেন্স তুলে নিয়েছে। যদি এবার এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।