সাদা বলে চরম ব্যর্থ, রঞ্জিতে হার, ময়নাতদন্ত চান না সৌরভ
আনন্দবাজার | ২০ ফেব্রুয়ারি ২০২৬
ব্যাটসম্যানেরা জেতা ম্যাচ তুলে দিয়ে এল জম্মু-কাশ্মীরের হাতে। আরও একটি হতাশার বছর। আরও এক বার রঞ্জি ট্রফি অধরা। সেমিফাইনাল থেকে বিদায়। তবু সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, এ নিয়ে সিএবি কোনও রিভিউ বা ময়নাতদন্ত করবে না। কেন রিভিউ হবে না? বৃহস্পতিবার সিএবি-তে সৌরভ সাংবাদিকদের বলেন, ‘‘এখনই রিভিউয়ের কিছু নেই। একটা ম্যাচ খারাপ খেলেছে বলে আমরা বিদায় নিয়েছি।’’
যদিও চোখের সামনেই দেখা যাচ্ছে, বাংলার ক্রিকেটের ব্যর্থতা শুধু রঞ্জি ট্রফি কেন্দ্রিক নয়। মুস্তাক আলি টি-টোয়েন্টিতে গ্রুপ পর্বে বিদায় নেয় বাংলা। পঞ্চাশ ওভারের বিজয় হজ়ারে ট্রফিতেও একই ভাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। আপাতদৃষ্টিতে রঞ্জি সেমিফাইনাল খেলা সেই তুলনায় খুব খারাপ ফল হিসেবে বিবেচিত না হলেও হারের ধরন নিয়ে প্রশ্ন উঠছে। যে ভাবে জেতা ম্যাচ হেরে এসেছেন অভিমন্যু ঈশ্বরনেরা তার পরে সিএবি প্রশাসনের কড়া হওয়া উচিত বলেই অনেকে মনে করছেন।
সৌরভ নিজেও হতাশ। আশা করেছিলেন ঘরের মাঠে জম্মু-কাশ্মীরকে হারিয়ে দেবে বাংলা। সিএবিতে এ দিন সৌরভ বলেন, ‘‘এ বার যে রকম গ্রুপ পড়েছিল তাতে ঘরের মাঠেই নকআউট খেলছিলাম। আশা করেছিলাম ভাল ফলই হবে। কয়েক ঘণ্টার ভুলে সব শেষ হয়ে গেল। রঞ্জি ট্রফি জেতা সহজ নয়।’’ কেউ কেউ ভেবেছিলেন, সাদা বলের ব্যর্থতার পরে লাল বলের ক্রিকেটে হয়তো সাফল্য আসবে। দেশের অন্যতম সেরা পেস ব্যাটারি বাংলার। মহম্মদ শামি, আকাশ দীপের সঙ্গে রয়েছেন মুকেশ কুমার। সুরজ সিন্ধু জায়সওয়ালের সাত ম্যাচে রয়েছে ২০ উইকেট। কিন্তু ব্যাটিং গভীরতা কোথায়? কেন ব্যাটসম্যানদের ধারাবাহিকতা নেই? চাপে পড়লে বার বার মুখ থুবড়ে পড়ছে কেন দল? প্রথম ইনিংসে এগিয়ে থাকা ম্যাচে কী ভাবে পিছিয়ে পড়ল? এই সব প্রশ্ন কি বাংলা দলকে করা হবে না? কোচ, ম্যানেজার, অধিনায়ককে ডেকে অবশ্যই এ নিয়ে আলোচনা জরুরি ছিল বললে মোটেও অত্যুক্তি করা হবে না।
প্রশ্ন উঠছে, প্রাক-মরসুমে ৫০ জনকে নিয়ে প্রস্তুতি শুরু হওয়ার পরে কেন বিকল্প উইকেটকিপার পাওয়া গেল না? অভিষেক পোড়েল চোট পাওয়ার পরেশাকির হাবিব গান্ধীকে খেলানো হল। কিন্তু সেমিফাইনালে তিনি এমন কিপিং করেছেন, যা দেখে দর্শকেরাই প্রশ্ন করছিলেন, ‘‘শাকির সুযোগ পেলেন কী করে?’’ জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংসে ৩৪ রানে আব্দুল সামাদের সহজ ক্যাচ ফেলেছিলেন শাকির। সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায়।